নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দৌড়ে গিয়ে মোবাইল ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেললেন কলকাতা পুলিসের এসটিএফের ইনসপেক্টর সোমনাথ বিশ্বাস এবং তাঁর সঙ্গী কনস্টেবল বিশ্বনাথ মণ্ডল। চলতি সপ্তাহে সায়েন্স সিটির কাছে এই ঘটনা ঘটেছে। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, স্ত্রীর চিকিৎসার জন্য বাইপাসের এক বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন যাদবপুরের বাসিন্দা মেডিসিনের ডাক্তার সন্দীপকুমার দাস। সায়েন্স সিটির কাছে সিগন্যালে তাঁর প্রাইভেট কার দাঁড়িয়েছিল। সন্দীপবাবু মোবাইল হাতে নিয়ে গুগল ম্যাপে দূরত্ব দেখছিলেন। আচমকাই হেঁটে এসে ছিনতাইবাজ সন্দীপবাবুর হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে দৌড়ে পালাতে যায়। ঘটনাচক্রে সায়েন্স সিটির কাছে ছিলেন সোমনাথ বিশ্বাস এবং ওই কনস্টেবল। তাঁর মোবাইল ছিনতাইয়ের বিষয়টি দেখে ফেলেন। সন্দীপবাবু প্রাইভেট কার থেকে নামার আগেই সোমনাথ বিশ্বাস এবং বিশ্বনাথ মণ্ডল দৌড়ে গিয়ে ওই ছিনতাইবাজকে ধরে প্রগতি ময়দান থানার হাতে তুলে দেন। কলকাতা পুলিসের এই ভূমিকায় খুশি হয়ে কতৃজ্ঞতা জানিয়েছেন ওই চিকিৎসক।



