নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অক্টোবর মাস হওয়া একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে পুলিস দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। হুগলির চণ্ডীতলা থানার পুলিস সম্প্রতি চণ্ডীতলারই এক জায়গায় অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া তিন কেজি রুপো পুলিস উদ্ধার করেছে। চণ্ডীতলা থানার পুলিস জানিয়েছে, দু’জন দুষ্কৃতীর নাম সিরাজুল মল্লিক এবং রূপচাঁদ মার্ডি। তাদের আদালতে তুলে পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার দিন দুষ্কৃতীরা ৬ কেজি রুপো ছিনতাই করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি তিন কেজি রুপো উদ্ধার করার চেষ্টা চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলার অলঙ্কার ব্যবসায়ী গিয়াসউদ্দিন শেখ ছিনতাইবাজদের কবলে পড়েছিলেন। গত ১০ অক্টোবর ওই ব্যবসায়ী যখন তাঁর দোকান থেকে বাড়ি ফিরছিলেন তখন ছিনতাই হয়। চণ্ডীতলার ৩১ নম্বর সড়কে ওই ঘটনা ঘটেছিল। ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। প্রায় একমাস তদন্ত চালিয়ে সাফল্য পেল পুলিস।



