নিজস্ব প্রতিনিধি, বারাসত: পারিবারিক বিবাদের জেরে নাবালক ভাইপো ফারদিন নবিকে খুন করে জেঠু ইনজার নবি। তাকে গ্রেপ্তার করেছে পুলিস। খুনের ঘটনার চাপা দিতেই ভাইপোকে ছেলেধরা নিয়ে গিয়েছে বলে ‘গুজব’ রটিয়েছিল সে। এই গুজবের জেরে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে ছেলেধরা গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিসকে। এই খুনের ঘটনায় ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন সহ সাক্ষ্যপ্রমাণ লোপাটের অভিযোগে মামলা রুজু করে বারাসত থানার পুলিস। ইতিমধ্যেই ইনজারের বিরুদ্ধে বারাসত আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিস। এর ভিত্তিতেই আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আদালতে। এই মামলার জন্য বিশেষ সরকারি আইনজীবী নিযুক্ত হয়েছেন সৌম্যজিৎ রাহা।
Advertisement
গত বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বারাসতের কাজিপাড়ায় ১১ বছরের ফারদিন নবির খোঁজ পাচ্ছিল না পরিবার। এরমধ্যে তার জেঠু রটিয়ে দিয়েছিল, ভাইপোকে ছেলেধরা নিয়ে গিয়েছে। দাবালনের মতো ছড়িয়ে পড়ে সেই গুজব। ফারদিনকে উদ্ধারের দাবিতে পরিবার ও প্রতিবেশীরা অবরোধ, বিক্ষোভ করেন। পরে পুলিস তদন্ত করে খুনের ঘটনার কিনারা করে। ৯ জুন ফারদিনের দেহ উদ্ধার হয় বাড়ির পাশে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ থেকেই ফারদিনকে শ্বাসরোধ করে প্রথমে খুন করে জেঠু। পরে প্রমাণ লোপাটের জন্য দেহটি ওই শৌচাগারে রেখে দেয়। এই মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। তাতে সাক্ষী হিসেবে থাকবেন ধৃতের পরিজনরাও।



