শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে জিম চরিত্রে নজর কেড়েছিলেন জন আব্রাহাম। সিক্যুয়েলেও তিনি ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। ২০২৪ সালে নিখিল আদবানির পরিচালনায় অ্যাকশন ঘরানার ‘ভেদা’তেও তাঁর কাজ প্রশংসিত। ফের পরিচালক নিখিলের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল জনের। ১৯১১ সালে আইএফএ শিল্ডের ফাইনালে মোহন বাগানের দুরন্ত জয়ের উপর ভিত্তি করে সেই সিনেমার গল্প লেখা হয়েছিল। চূড়ান্ত হয়েছিল নামও। ‘১৯১১’। ছবিতে শিবদাস ভাদুড়ির চরিত্রে অভিনয় করার কথা ছিল জনের। বন্ধ হল সেই ছবির কাজ। জন নিজেই শেয়ার করেছেন এই খবর। তাঁর কথায়, ‘ছবিটা এখন হচ্ছে না। তবে আমাদের এই ছবিটি করার ইচ্ছা রয়েছে। ভবিষ্যতে কখনও সুযোগ পেলে অবশ্যই হবে।’



