বিশেষ সংবাদদাতা, রায়পুর: ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত হবে ভারত। সাফ বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুলির লড়াই থেকে আত্মসমর্পণ। জারি অপারেশন। বিগত কয়েকদিনে তা আরও জোরদার হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছিল মোট ২৫৮ জন। শুক্রবার ছত্তিশগড়ের বস্তারের জগদলপুরে আত্মসমর্পণ করল আরও ২১০ জন। এদের মধ্যে কেন্দ্রীয় কমিটির এক সদস্যও রয়েছে। ফলে সবমিলিয়ে তিনদিনে মাওবাদী আদর্শ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরল মোট ৪৬৮ জন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত ৫০-৫৫ বছরে হাজার হাজার মানুষ মাওবাদী হিংসায় প্রাণ হারিয়েছেন। তারা স্কুল-হাসপাতাল তৈরি করতে দিত না। চিকিৎসকদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধা দিত। ১১ বছর আগে দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদীদের ঘাঁটি ছিল। আজ সেই সংখ্যাটা মাত্র ১১। তার মধ্যে শুধু তিনটি জেলায় মাওবাদীদের প্রভাব বেশি। ভারত শীঘ্রই এই সন্ত্রাসের হাত থেকে পুরোপুরি মুক্তি পাবে। যেসব এলাকা ৬০-৭০ বছর ধরে মাওবাদী অধ্যুষিত ছিল, সেখানে প্রথমবার দীপাবলি উদযাপন করা হবে।’ মাওবাদীদের এই আত্মসমর্পণকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই।



