Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে খবর দিয়ে অনুষ্ঠানে যেতে জনপ্রতিনিধিদের অনুরোধ পুলিসের

চাঁচলে খবর দিয়ে অনুষ্ঠানে যেতে জনপ্রতিনিধিদের অনুরোধ পুলিসের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: মালদহের কালিয়াচকের যদুপুরে ড্রেনের কাজের শিলান্যাস অনুষ্ঠানে হামলায় নিহত হয়েছেন তৃণমূল কর্মী আতাউর হক। গুরুতর জখম দলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই এসারুদ্দিন শেখ। সেই ঘটনার পর শিলান্যাস অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে চিন্তিত চাঁচল পুলিস। কারণ সরকারি অনুষ্ঠানে গেলে জনপ্রতিনিধিদের একাংশ পুলিসকে খবর দেন না বলে দাবি পুলিসের। এবার যাতে সেরকম না হয় সেজন্য ব্লক প্রশাসনকে অনুরোধ করল পুলিস। চাঁচল থানার এক আধিকারিক বলেন, সরকারি প্রকল্পের অনুষ্ঠান উপলক্ষ্যে জনপ্রতিনিধিরা পুলিসকে আগাম জানালে নিরাপত্তা নিশ্চিত করা যায়। পুলিসকে যাতে আগাম জানানো হয়, সেই বিষয়টি ব্লক আধিকারিকদের জানানো হয়েছে।
Advertisement
চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির হোসেনের কথায়, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকলে পুলিসি নিরাপত্তার প্রয়োজন হয় না। তবে এবার পুলিসকে জানিয়েই অনুষ্ঠান করা হবে। গত একমাসে চাঁচল-১ পঞ্চায়েত সমিতি প্রায় ৬০ লক্ষ টাকা বরাদ্দে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে। যে এলাকায় কাজ হবে, সাধারণত সেখানকার জনপ্রতিনিধি শিলান্যাস করে থাকেন। এবিষয়ে পুলিসের কাছে কোনও খবর থাকে না। যদিও তিনদিন আগে চাঁচলের মহানন্দপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে উদ্যোগে কোটি টাকার কাজের শিলান্যাস অনুষ্ঠানে পুলিস নিরাপত্তা দেয়। চাঁচল-২ এর বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের পুলিসকে জানানোর বিষয়টি বলা হয়েছে। 
মালদহ জেলা পরিষদের সদস্যা রেহেনা পারভিন বলেন, প্রতিমাসে একাধিক প্রকল্পের শিলান্যাস করে থাকি। নিরাপত্তার প্রয়োজন হয় না। তবে কখন কি হবে বলা যায় না। পুলিসকে জানিয়েই এবার শিলান্যাস অনুষ্ঠানে যাব।
জেলায় পর পর হামলার পর ঝুঁকি নিতে চান না মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনও। বলেন, সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান পুলিসকে জানিয়েই করি। নিজের এলাকাতে অনুষ্ঠান হলেও যাতে পুলিসকে জানিয়ে যান, সেজন্য জেলা পরিষদের সদস্যদের বলব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ