Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করতে পারে চন্দ্রযান-৪

ইতিমধ্যে চাঁদের দক্ষিণ মেরুর স্পর্শ করেছে ভারত। এবার লক্ষ্য চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। এজন্য ‘চন্দ্রযান-৪’ অভিযানের প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করতে পারে চন্দ্রযান-৪
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইতিমধ্যে চাঁদের দক্ষিণ মেরুর স্পর্শ করেছে ভারত। এবার লক্ষ্য চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। এজন্য ‘চন্দ্রযান-৪’ অভিযানের প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী অভিযানে পৃথিবীর উপগ্রহের কোন অংশে অবতরণ করবে এই চন্দ্রযান? এবার সেটাও স্পষ্ট করে দিল ইসরো। জানা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন পার্বত্য এলাকায় নামবে ‘চন্দ্রযান-৪’। ওই অংশের নাম এমএম-৪ বা মন্স মাউটন। গবেষকদের মতে, ওই এলাকা মহাকাশযানের অবতরণের জন্য বেশ নিরাপদ। বড়ো গর্ত ও পাথর কম রয়েছে। এই পার্বত্য অঞ্চলের পাশের অংশটি অন্ধকারে ঢাকা। বিশেষজ্ঞদের মতে, সেখানে থাকা গর্তের মধ্যে জল ও বরফ জমে থাকতে পারে। সেক্ষেত্রে মন্স মাউটনে অবতরণ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও বাড়তি সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে। তা চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস জানার পক্ষে সহায়ক হতে পারে। লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্সে একথা জানিয়েছেন ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন্স সেন্টারের গবেষকরা। চন্দ্রযান-২’এর অরবিটরে থাকা ক্যামেরার সাহায্যে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। সেখান থেকে প্রথমে চারটি অঞ্চলকে চিহ্নিত করা হয়। বিস্তর গবেষণা করে দেখা যায়, এমএম-৪ সবথেকে নিরাপদ। পর্যাপ্ত সূর্যের আলো থাকায় গবেষণার কাজেও সমস্যা হবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ