


কাজল মণ্ডল, ইসলামপুর: ‘বাঘের গর্জন’ আর শোনা যায় না চাকুলিয়ায়। মুখরক্ষা করতে এখন দলে আসা তৃণমূল কর্মীকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক। এক সময় দলের ‘দুর্ভেদ্য দুর্গ’ এখন শুধু ধূসর নয়, ইটও খসে পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এবার ফব প্রার্থী হয়েছেন আমজাদ আলি। তিনি শেরশাবাদী মঞ্চ নামের একটি সংগঠনের সক্রিয় সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে সাহাপুর ২ পঞ্চায়েতের গোদাশিমুল সংসদে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন। পরাজয়ের পর তিনি দল বদলে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। সিপিএমের জেলা কমিটির অন্যতম সদস্য সুরজিৎ কর্মকার বলেন, ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। তা নিয়ে আমাদের আর কী বলার থাকতে পারে। রাজনৈতিক মহলের আলোচনা, প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টরের বাবা প্রয়াত রমজান আলি, কাকা হাফিজ আলম সাইরানি চাকুলিয়া থেকেই নির্বাচিত হতেন। ২০২১ নির্বাচনে ভিক্টর তৃণমূলের কাছে পরাজিত হন। পরে ভিক্টরের সঙ্গে ফব রাজ্য নেতৃত্বের সঙ্গে নানা কারণে দ্বন্দ্ব তৈরি হয়। এতে ভিক্টর ও হাফিজ বাধ্য হয়ে ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। ভিক্টরের সঙ্গে স্থানীয় ফব নেতৃত্বও কংগ্রেসে যুক্ত হয়ে গিয়েছে। ফলে সেখানে এখন ফরওয়ার্ড ব্লকের ঝান্ডা ধরারও লোক নেই। সেই তুলনায় বামফ্রন্টের শরিক সিপিএম এখনও অস্তিত্ব বজায় রেখেছে। এই পরিস্থিতিতে এবারের নির্বাচনে চাকুলিয়ায় সিপিএম প্রার্থী দিতে চেয়েছিল, কিন্তু আসনটি যেহেতু কয়েক দশক থেকে ফবর দখলে ছিল তাই নেতৃত্ব আসনটি সিপিএমকে ছাড়তে রাজি হয়নি।
আমজাদ বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে আমার পূর্বপুরুষেরা সবাই বামফ্রন্টের ভোটার ছিলেন। আমিও ছিলাম। গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলাম। এর পর থেকে প্রার্থী হওয়ার আগে পর্যন্ত তূণমূলের সক্রিয় কর্মী ছিলাম। এবার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছি। দল তথা বামেদের এখন লোকবল নেই ঠিকই, কিন্তু চাকুলিয়ার মাটি ফরওয়ার্ড ব্লকের। তৃণমূল নেতা আনওয়ার আলম বলেন, আমজাদ আলি আমার হাত ধরেই শাসক দলে এসেছিলেন। নির্বাচনে ফব কোনো প্রভাব ফেলতে পারবে না। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা ভিক্টরের মন্তব্য, ফব দলের সমস্ত নেতাকর্মীই আমার সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে এখন প্রার্থী করার জন্য দলের একজন সক্রিয় কর্মীও পাচ্ছে না।