Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়া সুদের টোপ, ১ কোটি হাতিয়ে গ্রেপ্তার যুবক

চড়া সুদের টোপ, ১ কোটি হাতিয়ে গ্রেপ্তার যুবক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে এক ব্যক্তির কাছ থেকে এক কোটি সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। এমন অভিযোগে সোমবার মুচিপাড়া থানার পুলিস প্রতারক এক যুবককে পাকড়া করে। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। বিচারক তাকে ১২ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই প্রতারক অভিযোগকারী ব্যক্তিকে বলে, বাজারে নতুন স্কিম এসেছে। সেখানে লগ্নি করলে মোটা টাকা সুদ মিলবে। সেই ফাঁদে পা দিয়ে অভিযোগকারী দফায় দফায় ওই পরিমাণ টাকা লগ্নি করেন। প্রথম দুই দফায় তাঁকে সুদও দেওয়া হয়। এরপরই প্রতারক যুবক বৃদ্ধের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়।
Advertisement
অভিযোগকারী বৃদ্ধ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিস জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে নেমে পুলিস ওই প্রতারককে গ্রেপ্তার করে। এদিন সরকারি কৌঁসুলি আদালতে বলেন, ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হয়। যদিও সরকার পক্ষ থেকে তাতে জোরালো আপত্তি জানানো হয়। দীর্ঘ শুনানির শেষে বিচারক জামিনের আবেদন বাতিল করে দেন।
সম্পর্কিত সংবাদ