নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাম পরিবর্তন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আনা বঙ্গ বিজেপির অভিযোগ খারিজ করে দিল কেন্দ্রই। রাজ্যসভায় দলের সাংসদ শমীক ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় সরকারি কর্মসূচি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (এনএসএপি) নাম পাল্টে পশ্চিমবঙ্গ সরকার জয় বাংলা হিসেবে কার্যকর করেছে। এই ব্যাপারে কেন্দ্র কি অবগত আছে? এই নাম পরিবর্তন কি কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে হয়েছে? শুক্রবার রাজ্যসভায় লিখিত প্রশ্নটি করেছিলেন শমীকবাবু। কিন্তু লিখিত জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসওয়ান স্পষ্টই জানিয়েছেন, এমন অভিযোগ সঠিক নয়। কেন্দ্রকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, এনএসএপি কর্মসূচির নাম সামান্যতমও পরিবর্তিত হয়নি। প্রকল্প চালুর পর থেকে কোনওরকম পরিবর্তন ছাড়াই এটি কার্যকর করেছে রাজ্য সরকার। মন্ত্রী আরও জানিয়েছেন, জয় বাংলা সম্পূর্ণভাবে রাজ্য সরকার পোষিত একটি সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিম। এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মসূচির কোনও সম্পর্কই নেই। রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলের দাবি, মোদি সরকারের এহেন জবাব আদতে বঙ্গ বিজেপিকেই প্রবল অস্বস্তিতে ফেলতে চলেছে।



