Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাকে ভাতে মারার চক্রান্ত, ৩ লক্ষ মেট্রিক টন ধানের দায় নিতে রাজি নয় কেন্দ্র

রাজ্য বলছে প্রয়োজন ২৮ লক্ষ মেট্রিক টন। কেন্দ্র বলছে ২৫ লক্ষ মেট্রিক টনের বেশি দেব না।

বাংলাকে ভাতে মারার চক্রান্ত, ৩ লক্ষ মেট্রিক টন ধানের দায় নিতে রাজি নয় কেন্দ্র
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য বলছে প্রয়োজন ২৮ লক্ষ মেট্রিক টন। কেন্দ্র বলছে ২৫ লক্ষ মেট্রিক টনের বেশি দেব না। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় বাংলার মানুষের প্রয়োজনীয় খাদ্যশস্যের একাংশ দিতে চাইছে না মোদি সরকার। এবার কি তবে বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে কেন্দ্র? মোদি সরকারের সাম্প্রতিক অবস্থানেই এই অভিযোগ উঠছে। 

Advertisement

টাকা চেয়ে কেন্দ্রকে দেওয়া হয়েছে তাগাদা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কেন্দ্রকে দু’বার চিঠি লিখেছেন। কিন্তু সাড়া দিচ্ছে না মোদি সরকার। মন্ত্রী জানান, ‘আমাদের রাজ্যে কোনও ভুয়ো রেশন কার্ড নেই। পাঁচ বছরের কম ১৮ লক্ষ ৫৩ হাজার বাচ্চার হাতের আঙুলের ছাপ না নিতে পারায় ই-কেওয়াইসি বাকি। কিন্তু কোনও ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড নেই। কেন্দ্রীয় রিপোর্টে সম্প্রতি মোদি সরকার পশ্চিমবঙ্গে যে ৪.২৩ শতাংশ ডুপ্লিকেট কার্ডের তথ্য দিয়েছে, তা সঠিক নয়।
পশ্চিমবঙ্গ হল ডিসিপি (ডিসেন্ট্রালাইজ প্রকিওরমেন্ট) রাজ্য। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যর উপভোক্তাদের খাদ্যশস্য রাজ্য সরকারই কেনে। পরে ভতুর্কির পয়সা দিয়ে দেয় কেন্দ্র। এই খাতেই চার হাজার কোটি টাকারও বেশি আটকে তো রেখেইছে, উপরন্তু কেন্দ্রীয় প্রকল্পের জন্য রাজ্য যে ২৮ লক্ষ মেট্রিক টন ধান কিনে চাল করেছে, তার মধ্যে ৩ লক্ষ মেট্রিক টনের দায় নিতে নারাজ মোদি সরকার। গত ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে রাজ্যগুলির সঙ্গে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের এক বৈঠকে পশ্চিমবঙ্গকে এমনটাই বলা হয়েছে। কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া রাজ্যের খাদ্যসচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে জানিয়ে দিয়েছেন, ২৫ লক্ষ মেট্রিক টন কেনার অনুমোদন করা হয়েছে। সেটাই থাকবে। ফলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাজ্যকে ভাতে মারার। 
এ ব্যাপারে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘হ্যাঁ আমিও শুনেছি। তবে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের মানুষের জন্য ২৭-২৮ লক্ষ মেট্রিক টন চালই লাগে। সেটাই কেনা হয়েছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ারও আমাদের রাজ্য থেকে চাল কেনার কথা। কিন্তু তারা তা কিনছে না। বলছে ওদের নাকি অনেক স্টক আছে। বাংলার চাল দরকার নেই।’ মন্ত্রী বলেন, ‘জাতীয় খাদ্য সুরক্ষা খাতে কেন্দ্র আটকে রেখেছে ৪ হাজার ৪৭০ কোটি টাকা। যদিও এভাবে বাংলার কৃষকদের বিপদে ফেলা যাবে না। মুখ্যমন্ত্রী 
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাংলার মানুষকে দুবেলা পেট ভরে খাওয়া নিশ্চিত করতে রাজ্য 
সরকার কেন্দ্রীয় প্রকল্প সহ রাজ্যের ‘খাদ্যসাথী’ প্রকল্পের জন্য ৬৮ লক্ষ মেট্রিক টন চাল কিনেছে। কেন্দ্রের অপেক্ষায় না থেকে কৃষকদের আমরা টাকা দিয়ে দিয়েছি। কিন্তু রাজ্যের সেই পাওনা আটকে রেখেছে কেন্দ্র। বাংলাকে বঞ্চনা বিজেপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ