Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় বোঝা যাচ্ছে ভোট আসন্ন, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন এলেই ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি অতিসক্রিয় হয়ে ওঠে। শুক্রবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি অভিযানের পিছনে বিজেপির ভোট-রাজনীতির অঙ্ক দেখছে তৃণমূল।

কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায়  বোঝা যাচ্ছে ভোট আসন্ন,  কটাক্ষ তৃণমূলের
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন এলেই ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি অতিসক্রিয় হয়ে ওঠে। শুক্রবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি অভিযানের পিছনে বিজেপির ভোট-রাজনীতির অঙ্ক দেখছে তৃণমূল। রাজ্যের শাসক দল বলছে, বিধানসভা নির্বাচনের আগে আবার কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি। 

Advertisement

এর আগে ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইডি, সিবিআই, এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি প্রায় প্রতিদিনই হানা দিয়েছিল তৃণমূলের একাধিক নেতার বাড়িতে। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ইডি, সিবিআইয়ের ফের দাপাদাপি শুরু হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে তৃণমূল। 
মন্ত্রী সুজিত বসু বলেন, এর আগেও আমার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি এসেছিল। এবার আমার অফিস এবং রেস্তোরাঁয় এসেছে। কিন্তু ওদের কাছে আমার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনও প্রমাণ নেই। আমি কেমন মানুষ, তার সার্টিফিকেট এলাকার মানুষ দেবেন। বিজেপি রাজনৈতিকভাবে আমাকে টার্গেট করেছে। কারণ এই এলাকায় ওদের কিছু নেই। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, আবহাওয়া অফিস যেমন ঝড়বৃষ্টিপাতের আগাম খবর দেয়। তেমন ইডি, সিবিআইয়ের তৎপরতায় বোঝা যায় যে ভোট আসছে!
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, ভোট এলেই ইডি, সিবিআই সক্রিয় হয়। ভোট মিটে গেলেই ফের ঘুমিয়ে পড়ে তারা। এসব নাটক মাত্র। 
তবে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের আক্রমণাত্মক প্রশ্ন, সুজিত বসুর বিপুল পরিমাণ টাকার উৎস কী? 

Advertisement
সম্পর্কিত সংবাদ