নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু-দফায় ভর্ৎসনার পর অবশেষে হুঁশ ফিরল রাজ্য সরকারের। এবার থেকে স্কুলের সময়েই করা যাবে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ। শিক্ষকদের বড়োসড়ো স্বস্তি দিয়ে বুধবার হাইকোর্টে এই সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে রাজ্য জানিয়েছে, শিক্ষকদের সপ্তাহ শেষে জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বুধবার স্কুলশিক্ষা দপ্তরের তরফে আগের অর্ডার প্রত্যাহারের নতুন নির্দেশিকা জারি হলেও তাতে অন ডিউটি লিভের বিষয়টি উল্লেখ না-থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
গত ১৬ আগস্ট থেকে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ শুরু হয়েছে। স্কুল শিক্ষকদের ওই কাজে নিযুক্ত করা হয়েছে। বলা হয়েছিল, স্কুলে পড়ুয়াদের দেখভালের পর সপ্তাহ শেষে কিংবা ছুটির দিনগুলিতে জনগণনার কাজ করতে হবে। স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু শিক্ষক। বিচারপতি কৃষ্ণা রাও শুনানিতে রাজ্য ও কেন্দ্রের অবস্থানের মধ্যে চরম সমন্বয়ের অভাব দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। রাজ্যের দাবি, স্কুলের সময়ে শিক্ষক-শিক্ষিকারা জনগণনার কাজ করলে তাতে পঠনপাঠন ব্যাহত হবে। তবে কেন্দ্র সেই দাবির ঘোরতর বিরোধিতা করে। বলা হয়, জনগণনার কাজের জন্য স্কুল চলাকালীনই শিক্ষকদের ব্যবহার করা উচিত।
দু-পক্ষের জটিলতার ফলেই স্কুলশিক্ষা অধিকর্তার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের সময় জনগণনার কাজ করলে তাদের ‘অন ডিউটি’ হিসাবেই ধরা হবে। তবে তাতে কোনোভাবেই যেন পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না-হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নয়া নির্দেশিকায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে শিক্ষকরা।