নয়াদিল্লি: পরীক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনছে সিবিএসই। এবার থেকে বছরে দু’বার হবে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে নতুন এই নিয়ম। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিবিএসই-র পরীক্ষা নিয়ামক এস ভরদ্বাজ।
কেন্দ্রীয় বোর্ডের নয়া পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে দশম শ্রেণির প্রথম দফার বোর্ডের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। পড়ুয়াদের এই পরীক্ষায় বসা বাধ্যতামূলক। যার ফলাফল প্রকাশিত হবে এপ্রিলে। এছাড়াও ওই বছরে আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। যেটি অনুষ্ঠিত হবে মে’তে এবং ফল প্রকাশিত হবে জুন মাসে। যদিও দ্বিতীয় দফার পরীক্ষায় বসা বা না-বসার বিষয়টি পড়ুয়াদের ঐচ্ছ্বিক।



