নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনায় ‘ষড়যন্ত্র’ দেখছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই ওই পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এটা ভাইপোর একঘণ্টার রোজগার ছিল। ওই পার্টি অফিসে বিপুল পরিমাণ টাকা রাখা ছিল, সেটা ভুলে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা বলেন, ছমাস আগে বিজেপির গুন্ডাদের দিয়ে ভাঙচুর করা হয়েছিল ওই পার্টি অফিস। পরবর্তীকালে ওই স্থান পুলিশের তদন্তের আওতায় চলে যায়। ওই পার্টি অফিস নিয়ে মিথ্যা কাহিনি রটানো হয়েছে। এই জঘন্য ষড়যন্ত্রের নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের আগামীদিনে জবাবদিহি করতে হবে। পুলিশ যেন ক্ষমতার অপব্যবহার না করে, তাহলে আইনের হাত থেকে কেউই রেহাই পাবে না। আইনের কঠোরতম পদক্ষেপের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির এক নেতা গত ২৭ মে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে সুমিত রায়কে এনকাউন্টারের কথা বলেন। অথচ ওই বিজেপি নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই।



