Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে লাইসেন্স ছাড়া চলা দু’টি জনপ্রিয় রেস্তরাঁর বিরুদ্ধে মামলা

খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে বহরমপুরে দু’টি বড় খাদ্য বিপণির বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল বহরমপুর থানার পুলিশ।

বহরমপুরে লাইসেন্স ছাড়া চলা দু’টি জনপ্রিয় রেস্তরাঁর বিরুদ্ধে মামলা
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে বহরমপুরে দু’টি বড় খাদ্য বিপণির বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল বহরমপুর থানার পুলিশ। বহরমপুর ব্লকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় এই এফআইআর রুজু করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খাদ্য সুরক্ষা বিভাগের একটি পরিদর্শক দল বহরমপুর শহরের ‘সিলান্ত্রো মাল্টিকুইজিন রেস্তরাঁ’ ও এমএস হাজি বিরিয়ানি নামে দু’টি দোকানে অভিযান চালানো হয়। পরিদর্শনের সময় দু’টি প্রতিষ্ঠানেই বৈধ ‘এফএসএসএআই’ লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়াই খাদ্য প্রস্তুত ও বিক্রির প্রক্রিয়া চলছিল। পাশাপাশি ‘শিডিউল ৪’ অনুযায়ী স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার ন্যূনতম মান বজায় না রাখার বিষয় সমূহ চিহ্নিত করা হয়।
অভিযোগ অনুযায়ী, হাজি বিরিয়ানির সঙ্গে যুক্ত বিরিয়ানি তৈরির ওয়ার্কশপ আগেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিদর্শনকারী দল ৪ সেপ্টেম্বরের ত্রুটিগুলি দেখার পর গত ৬ সেপ্টেম্বর দু’টি দোকানকেই তাদের সমস্ত কার্যক্রম অবিলম্বে বন্ধ করার লিখিত নির্দেশ জারি করে। গত ১২ সেপ্টেম্বর ফের  পরিদর্শনে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশ তোয়াক্কা না করে দু’টি প্রতিষ্ঠানই খোলা রাখা হয়েছে এবং প্রকাশ্যে খাবার বিক্রি চলছে। এছাড়া ‘সিলান্ত্রো মাল্টিকুইজিন রেস্তরাঁ’র বিরুদ্ধে অসংগতিপূর্ণ লাইসেন্স ঝুলিয়ে রাখার অভিযোগও উঠেছে।
সরকারি আদেশ অমান্য করা, স্বাস্থ্যবিধি না মানা এবং জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলার অপরাধে বহরমপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় জোড়া মামলা নথিভুক্ত হয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে প্রশাসনের এই কঠোর পদক্ষেপে বহরমপুরের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মামলা রুজু করে আমরা তদন্ত করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ