Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে চলে হামলা, ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক

কৃষ্ণসাগরে ওডেসা বন্দরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল এমভি এজিএম রাগনার নামে একটি পণ্যবাহী জাহাজে।

পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে চলে হামলা, ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। আগেই কৃষ্ণসাগরে ওডেসা বন্দরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল এমভি এজিএম রাগনার নামে একটি পণ্যবাহী জাহাজে। এরপর থেকে জাহাজের ২ ভারতীয় নাবিক নিখোঁজ। এবার ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে এমভি আমির১ নামে আরও একটি জাহাজ হামলার মুখে পড়েছে।  এরফলে ওই পণ্যবাহী জাহাজের ১৩ ভারতীয় নাবিক সহ মোট ১৫ জন আটকে পড়েছেন বলে খবর। 

Advertisement

নাবিকদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ফরওয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)। বিবৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, ‘জাহাজটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চলছে। জাহাজে থাকা নাবিকদের প্রাণ সংশয় হতে পারে।’ অবিলম্বে ভারতীয় নাবিকদের উদ্ধার করার দাবি জানিয়েছে সংগঠন। তারা বলেছে, ‘যুদ্ধক্ষেত্রে ভারতীয় নাবিকদের টার্গেট হওয়ার জন্য ফেলে রাখা যাবে না।’ এই প্রসঙ্গে কিয়েভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘এমভি আমির১ সংক্রান্ত বিষয়টি আমাদের নজরে এসেছে। ভারতীয় নাবিকদের সুরক্ষা আমাদের অগ্রাধিকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে।’
কৃষ্ণসাগরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসও। এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে মস্কোকে তুমুল আক্রমণ শানিয়েছে তাঁরা। ইউক্রেনের দূতাবাসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘রুশ আক্রমণে এমভি গোল্ডেন লিও-তে ৪ ভারতীয়র মৃত্যুর পর সেদেশের আধিকারিককে ডেকে পাঠিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। মস্কোর আক্রমণে আবারও ভারতীয় নাবিকদের জীবন বিপন্ন। ফের একবার রুশ প্রতিনিধিকে তলব করা হবে কি?’

Advertisement
সম্পর্কিত সংবাদ