লেভেল ক্রসিংয়ে ট্রেনে আটকাল গাড়ি, বরাতজোরে প্রাণরক্ষা চালকের, মদ্যপ গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রতলাম: মধ্যপ্রদেশের রতলামে ভয়াবহ ঘটনা? হঠাৎ করেই রেলওয়ে ট্র্যাকে বিলাসবহুল এক গাড়ি আটকে যায়। সেই সময় ওই লাইন দিয়ে হিসার-ভালসাদ এক্সপ্রেস আসছিল। গাড়িটিকে ধাক্কা মারার পর রেললাইন দিয়েই গাড়িটিকে ঠেলে নিয়ে যায় ওই এক্সপ্রেস। তবে বরাতজোরে কারও প্রাণ যায়নি। গাড়ির চালক কোনোভাবে দরজা খুলে লাফ মারেন। তার জেরে তিনি বেঁচে যান। যদিও এই ঘটনায় গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। গাড়ির চালক জানিয়েছেন, তাঁর গাড়ি রেললাইনে আটকে যাওয়ার পরই তিনি লেভেল ক্রসিংয়ের গেটম্যানের কাছে গিয়েছিলেন। তখন তিনি মদ্যপ অবস্থায় বসে। কাজেই গাড়ি চালকের কোনো কথাতেই কান দেননি। 

Advertisement

শেষমেশ দুর্ঘটনার পর ক্রেন দিয়ে  গাড়িটিকে আলাদা করা হয়। বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ওই লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রতলাম স্টেশনের কাছে রেলগেটে বিলাসবহুল গাড়িটি আটকে যায়। গাড়ি চালকের দাবি, যখন তিনি গেটম্যানকে বিষয়টি বলতে গিয়েছিলেন তখনও ট্রেনটি ৫ থেকে ১০ মিনিট দূরে ছিল। কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় গেটম্যান তাতে কর্ণপাতই করেনি। ইতিমধ্যেই রেলের তরফে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মদ্যপ গেটম্যানের ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়ার আশ্বাস দিয়েছে রেল। তবে কীভাবে গেটের সঙ্গে গাড়িটি আটকে গেল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।