Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবর্জনার চাপে ক্রমশ আস্তাকুঁড় হয়ে উঠছে ক্যানিং হাসপাতাল, অসন্তোষ

আবর্জনা নিয়ে জট অব্যাহত। যে কারণে ক্যানিং মহকুমা হাসপাতাল ও মাতৃমা হাসপাতাল যেন আস্তাকুঁড়ে পরিণত হয়েছে।

আবর্জনার চাপে ক্রমশ আস্তাকুঁড় হয়ে উঠছে ক্যানিং হাসপাতাল, অসন্তোষ
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবর্জনা নিয়ে জট অব্যাহত। যে কারণে ক্যানিং মহকুমা হাসপাতাল ও মাতৃমা হাসপাতাল যেন আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। যে এজেন্সি ময়লা তোলার দায়িত্বে ছিল, তারা নানা অজুহাত খাড়া করে কাজ করবে না বলে জানিয়েছে। ফলে দিনদিন যেভাবে আবর্জনার স্তূপ বাড়ছে, তাতে কিছুদিন এভাবে চললে হাসপাতালেও আর ময়লা ফেলার জায়গা থাকবে না। জানা গিয়েছে, প্রায় তিন মাস হতে চলল হাসপাতালে জঞ্জাল সাফাই বন্ধ। চিকিৎসকদের দাবি, এতদিন কয়েকশো কেজি বর্জ্য জমে গিয়েছে। এর আগে গত নভেম্বরে শেষবার আবর্জনা পরিষ্কার করা হয়েছিল। সেবারও এক মাসের উপর জঞ্জাল পড়েছিল হাসপাতালে। অনেক জায়গায় চিঠি-চাপাটি করে সেবার হাসপাতাল সাফসুতরো করা হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি আরও খারাপ।

Advertisement

সংশ্লিষ্ট এজেন্সির দাবি, সাধারণ বর্জ্য পরিষ্কারের কথা বলা হয়েছিল। পরে তার সঙ্গে রক্তমাখা তুলো, ড্রেসিং টিস্যু ইত্যাদি বর্জ্যও পরিষ্কার করতে বলা হয়েছে। কিন্তু ওইসব বর্জ্য থেকে রোগ সংক্রমণ হতে পারে। তাই কোনো কর্মী কাজ করতে চাইছেন না। তাই দু’ধরনের বর্জ্য পৃথকীকরণ করে দিতে হবে এবং যে টাকায় তারা এতদিন কাজ করছিল, তাও বাড়াতে হবে। ওই এজেন্সি চিঠি দিয়ে ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিওকে একথা জানিয়ে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এসব নেহাতই অজুহাত, কাজ না করার কৌশল। এদিকে, আবর্জনা পরিষ্কার করার জন্য বাসন্তী ব্লকের সঙ্গেও কথা বলেছিল হাসপাতালের প্রশাসন। কিন্তু সেটিও খুব একটা কার্যকর হয়নি। ফলে জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে অচলাবস্থা যেন কাটতেই চাইছে না। হাসপাতালের পিছনের অংশ এখন বর্জ্য ভর্তি কালো প্যাকেটের ঢিপি হয়ে আছে। বিভিন্ন স্তরে চিঠি দিলেও এখনও পর্যন্ত সমাধান অধরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ