নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নভেম্বরের মাঝামাঝি থেকে, অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। পৌষ মাস শুরু হওয়ার আগে পর্যন্ত রয়েছে একাধিক লগ্ন। আর এই সময়ে রূপশ্রী প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। চলতি মাসে যেসব বিয়ের লগ্ন রয়েছে, তার জন্য প্রায় দুই হাজার আবেদন ইতিমধ্যে এসে গিয়েছে। সামনের মাসের জন্য এখনও পর্যন্ত হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে বিভিন্ন ব্লকে। প্রশাসন মনে করছে, আরও অন্তত হাজারখানেক আবেদন আসবে। সব মিলিয়ে এই দুই মাসে প্রায় চার হাজার উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে রূপশ্রীর টাকা। জেলা আধিকারিকদের দাবি, সারা বছর কম বেশি আবেদন পড়তেই থাকে। বিয়ের মরশুমে তুলনামূলক বেশি আসে দরখাস্ত। তবে শীতকাল বলে আবেদনও ভালোই এসেছে। সুন্দরবন লাগোয়া ব্লকগুলি থেকেই মূলত বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে।



