নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির বদলে ফাঁকা জমি দেখিয়ে দু’কোটি টাকা ব্যাঙ্ক থেকে হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল। সে মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন দু’জন। তাঁদের জেরা করে কলকাতা পুলিস শুক্রবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করে। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ১৬ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে জানান, পুলিস জানতে পেরেছে, প্রতারণার পিছনে রয়েছে বড়সড় অপরাধ চক্র। এদিকে পুলিস তদন্তে জানতে পেরেছে, অপরাধীরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে বিশ্বাসযোগ্যতা প্রমাণে নকল ও পুরনো দলিল ব্যাঙ্কে গচ্ছিত রাখে। নানা কায়দায় ভুয়ো দলিলকে পুরনো করেছিল তারা। যাতে এক নজরে দেখলে মনে হয় এটি আসল দলিল। বাড়িটি রেজিস্ট্রি হয়েছিল বহু বছর আগেই।



