Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেলে যুবক খুনের ঘটনার পুনর্নির্মাণের প্রস্তুতি পুলিসের

ব্যান্ডেলে যুবক খুনের ঘটনার পুনর্নির্মাণের প্রস্তুতি পুলিসের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেলের খুনের ঘটনার পুনর্নির্মাণের তোড়জোড় শুরু করেছে চুঁচুড়া থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। দফায় দফায় গ্রেপ্তার হওয়া ছ’জনকে জিজ্ঞাসাবাদ করার পর খুনের যাবতীয় বিষয় ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, মৃত রমেশ মুদালিয়ার স্ত্রী ভারতী ও তার প্রেমিক বিকাশ মাহালিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবার বিকাশের সঙ্গে তিনজন সুপারি কিলারকেও মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। তাতেই সমস্ত ঘটনা পুলিসের কাছে স্পষ্ট হয়েছে। যদিও চন্দননগর কমিশনারেটের কর্তারা এনিয়ে কথা বলতে চাননি। তবে এক পুলিস কর্তা বলেন, তদন্তের প্রয়োজনেই নির্দিষ্ট সময়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। 
Advertisement
ধৃত সুপারি কিলারদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ধারালো ছুরি দিয়ে রমেশের গলা প্রথমে চিরে দেওয়া হয়েছিল। তারপর বুক থেকে পেট পর্যন্ত ফালাফালা করা হয়। মূলত, বিকাশের কথাতেই রমেশের বুক থেকে পেট পর্যন্ত ছুরি চালানো হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার সকালে ব্যান্ডেলের কানাগড়ের টাওয়ার কলোনিতে স্থানীয় যুবক রমেশ মুদালিয়ার ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ পাওয়া যায়। ঘটনার তদন্তে নেমে পুলিস মৃতের স্ত্রী ভারতীর পরকীয়ার হদিশ পায়। তারপরেই ভারতীর প্রেমিক বিকাশকে গ্রেপ্তার করে পুলিস। জিজ্ঞাসাবাদে বিকাশ স্বীকার করে, রমেশকে খুন করার জন্য চুঁচুড়া ও ত্রিবেণীর তিন সুপারি কিলারকে সে ৭০ হাজার টাকা দিয়েছিল। সেই টাকার জোগান দিয়েছিল ভারতী। ধৃতরা সকলেই পুলিস হেফাজতে রয়েছে। পাশাপাশি, পুলিস ভারতীর মা তথা মৃতের শাশুড়ি ইন্দ্রাস্বামীকেও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।
সম্পর্কিত সংবাদ