সংবাদদাতা, উলুবেড়িয়া: এক সময়ে বাগনান ১ নম্বর ব্লকের হাটুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হারপ গ্রামের ‘পীর পুকুরের’ জল আশেপাশের এলাকার বাসিন্দারা ব্যবহার করতেন। কিন্তু সংস্কারের অভাবে পুকুরটি বর্তমানে পানা, আবর্জনায় ভর্তি। মশা-মাছি সহ বিষধর সাপ আশ্রয় নিয়েছে সেখানে। স্থানীয় বাসিন্দারা সেটি সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদনও জানিয়েছেন। কিন্তু এখনও সেই সংস্কার হয়নি। তবে পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য, বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।
Advertisement
জানা গিয়েছে, হারপ গ্রামে ‘পীর পুকুরের’ জল দীর্ঘদিন ধরে স্থানীয় দাসপাড়া, ঘোষপাড়া, পালপাড়া, দেঁড়েপাড়া ও দোলুইপাড়ার বাসিন্দারা ব্যবহার করে আসছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করার কারণে ওই পুকুর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশপাশি ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাবও ঘটছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি। অবিলম্বে পুকুরটি সংস্কার করার দাবি জানিয়েছে তাঁরা। এই ব্যাপারে হাটুরিয়া ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসূন সামন্ত জানান, পঞ্চায়েতের ভিআরপি টিম দিয়ে একবার পুকুরটিতে ব্লিচিং, কার্বলিক আ্যাসিড ছড়ানো এবং স্প্রে করা হয়েছিল। কিন্তু এমন একাধিক পুকুরের এই অবস্থা হয়ে আছে। এইসব পুকুর থেকে বিপুল পরিমাণে পানা, নোংরা ও আবর্জনা তুলে কোথায় ফেলা হবে, সেটাও একটা সমস্যা। তাই হারপ এলাকার ওই পুকুরটির সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।



