নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর সহ দেশের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। ভোট হবে তামিলনাড়ুর দু’টি, পুদুচেরি ও অসমের একটি কেন্দ্রেও। ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। তারপরই ওই কেন্দ্রগুলি যে জেলাগুলিতে পড়বে, সেখানে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর আসন ধরে রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর নওদা ধরে রেখে রেজিনগর ছেড়ে দেওয়ায় সেখানেও ভোট হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। ফল ঘোষণা ৯ অক্টোবর। রাজ্যের বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা অবশ্য বাকি থেকে গেল। তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুতে ওই আসনটি খালি হয়েছে।



