Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে চপারের কোপ, আড়াই লক্ষ ছিনতাই দুষ্কৃতীদের

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। তিনটি বাইকে পাঁচজন ছিল। অভিযোগ, আচমকা চপার বার করে ওই ব্যবসায়ীর পিঠে এলোপাথাড়ি কোপ বসায় তারা।

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে চপারের কোপ, আড়াই লক্ষ ছিনতাই দুষ্কৃতীদের
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: দোকান  বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। তিনটি বাইকে পাঁচজন ছিল। অভিযোগ, আচমকা চপার বার করে ওই ব্যবসায়ীর পিঠে এলোপাথাড়ি কোপ বসায় তারা। তারপর ওই ব্যবসায়ীর টাকা ভরতি ব্যাগ ছিনতাই করে বাইক চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ব্যাগে আড়াই লক্ষ টাকা ছিল বলে দাবি ব্যবসায়ীর। আরও অভিযোগ, দুষ্কৃতীরা ব্যবসায়ীর হেলমেট ইট দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। শুক্রবার রাতে বারুইপুর থানার আকনা সংলগ্ন কাটাখাল পোল থেকে সুভাষগ্রাম রেলগেট যাওয়ার পথে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জখম ব্যবসায়ীর নাম রূপম কুমার ঝা। তিনি মদের ব্যবসায়ী। বর্তমানে তিনি মল্লিকপুরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। পরিবারের লোকজন জানিয়েছেন, রূপমবাবুর সার্জারি করতে হয়েছে। ঘটনায় রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মানুষের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায়।  রূপমবাবুর বাড়ি রাজপুর সোনারপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। বারুইপুরের আকনায় সরকারি কলেজ থেকে ঢিল ছোড়া দূরুত্বে রূপমবাবুর মদের দোকান। রাত ১২.৩০টায় দোকান বন্ধ করে তিনি স্কুটার চেপে বাড়ি ফিরছিলেন। রূপমবাবু বলেন, ‘স্কুটারের ডিকিতে ছিল টাকার ব্যাগ। কাটাখালের পোলে সবে স্কুটার চালিয়ে উঠেছি। সেই সময় তিনটি বাইক করে পাঁচজন পাশ দিয়ে চলে গেল। হঠাৎ আমার সামনে এসে একটি বাইক দাঁড়িয়ে পড়ে। ওরা বলে,গাড়ি সাইড করে নিন, আমাদের তেল ভরতে যেতে হবে। এই কথা শেষ হতে না হতে পিছন থেকে একজন এসে আমার পিঠে চপার দিয়ে আঘাত করে। অন্যজন টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। আমার দোকানের কর্মচারী পিছনে আসছিল। সে আমাকে উদ্ধার করে।’ পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ