নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডে ডেক স্ল্যাব মেরামতির কাজ শুরু হতেই বদলে গেল যান চলাচলের চিত্র। রাজ্য পূর্তদপ্তর এই কাজ করছে। এর জন্য দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ হয়ে আসা একাধিক রুটের বাস চলাচলে নিয়ন্ত্রণ জারি হয়েছে। আগামী প্রায় ৪৫ দিন এই ব্যবস্থা বলবৎ থাকবে। তবে বালি ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবেই চলছে অন্যান্য ছোটো গাড়ি।
মেরামতির স্বার্থে এদিন বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডে হাইট বার বসানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ ব্যবহারকারী সমস্ত বাস নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাঁদের বালি হল্ট বা বালিতে নামার কথা, তাঁদের জন্য নিবেদিতা সেতু সংলগ্ন বালি হল্ট স্টেশনের কাছে অস্থায়ীভাবে ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য বালি হল্ট স্টেশনের সীমানা পাঁচিলের একটি অংশ খুলে অস্থায়ীভাবে যাতায়াতের পথও তৈরি করা হয়েছে। তবে তাতে সপ্তাহের প্রথম দিনে যাত্রীদের দুর্ভোগ খুব একটা এড়ানো যায়নি। বালিঘাট বাসস্ট্যান্ডের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। দিল্লি রোড ও বম্বে রোডগামী বাস কোন জায়গা থেকে ধরতে হবে, তা নিয়ে নির্দিষ্ট নির্দেশ না থাকায় অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত বহু যাত্রী টোটো বা অটোয় বালি হল্ট পর্যন্ত গিয়ে বাস ধরতে বাধ্য হন। এই সুযোগে কিছু অটো ও টোটোচালক অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে বালি হল্টের দিক থেকে দক্ষিণেশ্বরমুখী রাস্তায় বাস চলাচল এদিন স্বাভাবিক ছিল। পূর্তদপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতির পাশাপাশি অ্যাপ্রোচ রোডের স্থায়িত্ব বাড়াতে নীচে অতিরিক্ত পিলার বসানো হবে। নিজস্ব চিত্র