Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিলপাড়া ব্যারাজে ধীরগতিতে বাস চলাচলের অনুমতি মিলল, এসএসসি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উদ্যোগ

নজরে এসএসসি ও উচ্চ মাধ্যমিক। এই আবহে চাকরিপ্রার্থী সহ পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল থেকে তিলপাড়া ব্যারাজের উপর সেতু দিয়ে বাস চলাচলের অনুমতি দিল বীরভূম জেলা প্রশাসন।

তিলপাড়া ব্যারাজে ধীরগতিতে বাস চলাচলের অনুমতি মিলল, এসএসসি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উদ্যোগ
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নজরে এসএসসি ও উচ্চ মাধ্যমিক। এই আবহে চাকরিপ্রার্থী সহ পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল থেকে তিলপাড়া ব্যারাজের উপর সেতু দিয়ে বাস চলাচলের অনুমতি দিল বীরভূম জেলা প্রশাসন। শনিবার বিকালে জেলা প্রশাসনের তরফে এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাস চলাচলের অনুমতি মিলবে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। জেলাশাসক বিধান রায় বলেন, চাকরিপ্রার্থী সহ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেতুর উপরে বাস চলাচলের ক্ষেত্রে গতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে সেতুর উপরে বাস চলাচল স্বাভাবিক থাকবে কি না, সেই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Advertisement

সেচ দপ্তরের তরফে জানা গিয়েছে, বর্ষার মরশুমের শুরুতেই তিলপাড়া ব্যারাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ৯ আগস্ট থেকে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে ব্যারাজের ডাউন স্ট্রিমে সংস্কারের কাজ চালানো হয়। এদিনই সেই কাজ শেষ হয়। তবে, বর্ষার মরশুম জুড়ে প্রয়োজন অনুসারে ব্যারাজের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। দপ্তরের আধিকারিকদের কথায়, রাজ্য সেচ দপ্তরের প্রতিনিধি দল আগামীতে ব্যারাজ পরিদর্শনে আসবে। এমনকী, বাঁধ বিশেষজ্ঞ জুলফিকার আহমেদও পরিদর্শনে আসতে পারেন। পরিদর্শন শেষে তাঁদের তরফে পেশ করা রিপোর্টেই স্পষ্ট হবে, ব্যারাজের উপর থাকা সেতু দিয়ে কোন, কোন যানবাহন চলাচল করতে পারবে। যদিও সেচ দপ্তরের আধিকারিকরা দাবি করেন, সংস্কারের কাজ শেষ হওয়ায় ব্যারাজের ভারবহন ক্ষমতা বেড়েছে। ফলে বাস চলাচলের ক্ষেত্রে  সমস্যা নেই। যদিও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল সম্ভব কি না, তা এখনই স্পষ্ট নয়। 
তিলপাড়া ব্যারাজের সংস্কারের কাজ শেষ হতেই জেলা প্রশাসন বাস চলাচলের অনুমতি দিল। তবে এক্ষেত্রে অবশ্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে দিনের মোট ১১ ঘণ্টা আপাতত সেতুতে বাস চলাচলের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাসের গতিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 
জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, ওই সেতুর উপর দিয়ে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে বাস মালিক সহ অন্য চালকরা খুশি। যদিও তাঁদের দাবি, দিনের নির্দিষ্ট সময় নয়, পুজোর আবহে সর্বক্ষণের জন্য বাস চলাচলের অনুমতি দিলে ভালো হয়। 
বীরভূম জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক তন্ময় পৈতুণ্ডী বলেন, জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে পুজোর মরশুমে আমরা উপকৃত হব। তবে, পূর্ণ সময়ের জন্য সেতুতে বাস চলাচলের অনুমতি পেলে খুব ভালো হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ