নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলমন্ত্রীর ঘোষণা যাই থাকুক না কেন। আমেদাবাদ-মুম্বই রুটে বুলেট ট্রেনের চলাচল সম্পূর্ণ শুরু হতে অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন বছর। অর্থাৎ, ২০২৯ সালের আগে এই ট্রেন পুরোপুরি চলাচলের কোনো সম্ভাবনাই নেই। কারণ মোট পাঁচ ধাপে দেশের প্রথম বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছে মোদি সরকার। সেইমতো প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ কিলোমিটারে চালিয়েই বুলেট ট্রেনের কুমিরছানা প্রদর্শনের ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ইতিপূর্বেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, আগামী বছর মে থেকে জুন মাসের মধ্যেই বুলেট ট্রেনের ট্রায়াল রান হবে। পরবর্তী দু’থেকে চার মাস পর্যন্ত ট্রায়াল রান চালানো হবে। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বুলেট ট্রেন, অর্থাৎ হাইস্পিড রেলের উদ্বোধন করবেন। কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে যে, বিষয়টি মোটেও এত সহজ নয়। কারণ একবারে আমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত ট্রেন চালু করা সম্ভবই হবে না। যে পাঁচটি ধাপে দেশের প্রথম বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে, তা হল প্রথম পর্যায়ে সুরাত থেকে বিল্লিমোরা পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালু হবে। দ্বিতীয় ধাপে বাপি থেকে সুরাত পর্যন্ত চলবে বুলেট ট্রেন। তৃতীয় পর্যায়ে সুরাত থেকে আমেদাবাদ (ভায়া বিল্লিমোরা) পর্যন্ত দেশের প্রথম হাইস্পিড ট্রেনের পরিষেবা শুরু হবে। চতুর্থ ধাপে বাপি থেকে থানে পর্যন্ত তা চালানো হবে। পঞ্চম তথা শেষ পর্যায়ে বুলেট ট্রেন চলবে থানে থেকে মুম্বই পর্যন্ত। অর্থাৎ, আমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত সম্পূর্ণ রুটে চলবে বুলেট ট্রেন। রেলমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একটি বড়ো অংশই বলছেন যে, মাত্র এক বছর সময়ের মধ্যে এই পাঁচটি পর্যায়ের কাজ সম্পূর্ণ করা অসম্ভব। ভোটের অঙ্ক মাথায় রেখে বড়োজোর লোকসভা নির্বাচনি প্রক্রিয়া চলাকালীন এর সম্পূর্ণ রুটের উদ্বোধন করানো হতে পারে।



