নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে মেট্রো বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের প্রক্রিয়া একধাপ এগল। জানা গিয়েছে, দুর্গা পিতুরি লেন সহ সংশ্লিষ্ট এলাকায় অকুস্থলে যে ২৪টি বাড়ি তৈরি করা হবে, তার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) তরফে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে ২৪টি বাড়ির নকশা অনুমোদনের জন্য জমা করা হয়েছিল। পুরসভার তরফে বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার জন্য যে চার্জ ডিমান্ড করা হয়েছে, সেই টাকাও ইতিমধ্যেই জমা করা হয়েছে বলে খবর। তিন ধাপে টাকা জমা করা হয়েছে বলে জানিয়েছে কেএমআরসিএল।
Advertisement
এই প্রসঙ্গে কেএমআরসিএলের জেনারেল ম্যানেজার (প্রশাসনিক) এ কে নন্দী বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য যা যা প্রশাসনিক কাজকর্ম রয়েছে, তা দ্রুততার সঙ্গে শুরু করে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। ঘরছাড়াদের পুনর্বাসনের কাজ নতুন বছরে দ্রুত শুরু করে দেওয়া যাবে বলে আমি আশাবাদী।



