নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার বড়তলায় ফুটপাতবাসী সাতমাসের এক শিশুকন্যাকে ধর্ষণের মামলায় ১৮ ফেব্রুয়ারি রায় দেবে আদালত। কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে চলা এই মামলায় বৃহস্পতিবার শেষ হল শুনানি। এরপরই বিচারক রায়দানের দিন ঘোষণা করেন। মামলার দুই সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও সৈকত পান্ডে বলেন, ‘চার্জ গঠনের পর ৩৪ দিনের মাথায় এদিন শেষ হল মামলার শুনানি। রুদ্ধদ্বার কক্ষে চলা এই মামলায় সাক্ষ্য দেন মোট ২৪ জন।’ আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৩০ নভেম্বর বড়তলা এলাকায় সাত বছরের ওই শিশুকন্যাকে ফুটপাত থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে রাজীব ঘোষ নামে এক হোটেল কর্মচারীর বিরুদ্ধে। পরে ওই শিশুকন্যাকে ফুটপাতে ফেলে রেখে চম্পট দেয় সে। নির্যাতিতা শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে এক সপ্তাহের মধ্যে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস গোপীবল্লভপুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অভিযুক্তের একপাটি জুতো। সিসি ক্যামেরার ফুটেজে ওই যুবকের উপস্থিতি প্রমাণিত হয়। মামলার দ্রুত তদন্ত শেষ করে ধৃতের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী পুলিস অফিসার মানসী মাইতি। এরপরই ধৃতের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার।



