Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাতাসের মান ভালো রাখতে জরুরি বৈঠক ডাকলেন মেয়র

বাতাসের মান ভালো রাখতে জরুরি বৈঠক ডাকলেন মেয়র
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলির সময় কলকাতার বাতাসে দূষণের মাত্রা পৌঁছেছিল চরমে। পুজোর সময়ও শহরের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ছিল ‘অতি খারাপ’। আবার দেখা গিয়েছে, ১০ নভেম্বর বাতাসের মান পৌঁছেছিল ‘সন্তোষজনক’ পর্যায়। কিন্তু সম্প্রতি ফের দূষণ বেড়েছে বাতাসে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে এই তথ্যই উঠে এসেছে।
Advertisement
দূষণ নিয়ন্ত্রণে শহরের বাতাসে থাকা ধূলিকণা কমাতে দু’বেলা জল স্প্রে করার কাজ করে কলকাতা পুরসভা। কিন্তু তারপরও ধারাবাহিকভাবে বাতাসের মান ‘ভালো’ বা ‘সন্তোষজনক’ রাখা সম্ভব হচ্ছে না। শহরের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ধারাবাহিকভাবে ভালো রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, তার রূপরেখা তৈরিতে এবার বৈঠক ডাকলেন কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুই ডিসেম্বর পুরসভায় বৈঠক হওয়ার কথা। হাওড়া পুরসভাকেও ডাকা হয়েছে। কারণ সেখানেও বাতাসের মান ‘অতি খারাপ’। জানা গিয়েছে, কলকাতা পুলিস, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবহণ ও শিল্পদপ্তরকেও ডাকা হয়েছে। কয়েক সপ্তাহ আগে শহরে বাতাসের মান ‘সন্তোষজনক’ ছিল। গত বুধবার তা ফের খারাপ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিভিন্ন মনিটরিং স্টেশনে ধরা পড়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স ‘খারাপ’। হাওড়ার ইনডেক্সও ‘অতি খারাপ’। ফিরহাদ বলেন, ‘কলকাতায় বাতাসের মান আগে খারাপ ছিল। কিন্তু নানা চেষ্টায় তা এখন খানিকটা ভালো। তা ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই আলোচনা। হাওড়া দিক থেকে খারাপ বাতাস শহরে ঢুকছে। তাই তাদেরও যোগ দিতে বলা হয়েছে। অন্যান্য দপ্তরও থাকবে। যৌথভাবে পরিকল্পনা করতে হবে যাতে বাতাসের মান সারাবছর ভালো রাখা যায়।’
সম্পর্কিত সংবাদ