নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলা থানা এলাকায় ফুটপাতবাসী মাত্র সাতমাসের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই মামলায় ২৫ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়। তার চারদিনের মাথায় বৃহস্পতিবার ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হল। মঙ্গলবার এই মামলার বিচার প্রক্রিয়া শুরুর দিন ধার্য করল আদালত। এদিন কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালতের বিচারক ওই দিনটি ধার্য করেন। এদিন জেল থেকে ধৃত যুবককে আদালতে হাজির করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় চার্জশিটের প্রতিলিপি। এদিকে, এদিন থেকেই এই মামলায় নতুন সরকারি কৌঁসুলি হয়ে আসেন বিভাস চট্টোপাধ্যায়। তিনি সওয়ালে অংশ নেন। এদিকে, এই মামলায় দ্রুত বিচার প্রক্রিয়ার শুরুর দিন ঘোষিত হওয়ায় খুশি সরকারি আইনজীবীরা।



