Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বড়তলায় সাত মাসের শিশুকে ধর্ষণ, ২৫ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট

বড়তলায় সাত মাসের শিশুকে ধর্ষণ, ২৫ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলা এলাকায় ফুটপাতে বসবাসকারী সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত রাজীব ঘোষ। তার বিরুদ্ধে ২৫ দিনের মাথায় সোমবার চার্জশিট জমা করল পুলিস। বড়দিনের ছুটিতে কলকাতা নগর দায়রার পকসো আদালত বন্ধ। সে কারণে এদিন ব্যাঙ্কশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বড়তলার থানার তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করেন। একাধিক ধারা ছাড়াও পকসো আইনের ছ’নম্বর ধারায় জেল হেফাজতে থাকা ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। 
Advertisement
দুই জানুয়ারি পকসো আদালত খুলবে। সেদিন চার্জশিটের নথিপত্র ব্যাঙ্কশাল থেকে পাঠিয়ে দেওয়া হবে নগর দায়রার পকসো আদালতে। ইতিমধ্যে জেলে টিআই প্যারেডে ধৃতকে শনাক্ত করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ছয় ডিসেম্বর রাতে শোভাবাজার এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন ফুটপাতে ওই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল। পরে শিশুটির বাবা‑মা থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিস পকসো মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। নির্যাতিতা শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তদন্ত করে পুলিস জানতে পারে, শিশুটিকে ঘুমন্ত অবস্থায় ফুটপাত থেকে তুলে ১০০ মিটার দূরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয়। তারপর সেখানেই শিশুটিকে ফেলে রেখে পালায় নির্যাতনকারী। ঘটনার কয়েকদিন পর গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত। ধৃত যুবক হোটেলে কাজ করে। গ্রেপ্তারের পর তার মেডিকো লিগ্যাল পরীক্ষা হয়েছে। পাশাপাশি হাঁটা‑চলার নমুনাও চিকিৎসকের উপস্থিতিতে পরীক্ষা হয়। এদিকে পুলিস হেফাজতে থাকাকালীন তাকে জেরা করে পুলিস ঘটনাস্থল থেকে এক পাটি জুতো উদ্ধার করে। সেটি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি শিশুটির জামা‑প্যান্ট সংগ্রহ করে পুলিস তা পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠিয়েছে। এদিকে সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে ধৃতকে জেল হেফাজতে রেখে বিচারের আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত বিকৃত মানসিকতার শিকার।’ আদালতে ধৃত নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। অন্যদিকে, এই মামলায় শিশুটির মায়ের গোপন জবানবন্দির আর্জি মঞ্জুর হয়েছে। মামলায় সাক্ষীদের মধ্যে রয়েছেন শিশুটির বাবা‑মা এবং একাধিক চিকিৎসক।       
সম্পর্কিত সংবাদ