নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হল বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণের মামলার বিচার। কলকাতার বিশেষ পকসো আদালতের রুদ্ধদ্বার কক্ষে এই শুনানি হয়। এদিন একজন সাক্ষ্যদান করেন। আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানি। ওইদিন তিনজনের সাক্ষ্য দেওয়ার কথা। এদিন কড়া পুলিসি প্রহরায় ধৃত রাজীব ঘোষকে প্রেসিডেন্সি জেল থেকে বিচারভবনে নিয়ে আসা হয়।
Advertisement
সহকারী সরকারি আইনজীবী সৈকত পান্ডে বলেন, এই মামলায় মাত্র ২৫ দিনের মাথায় পুলিস তদন্ত শেষ করে চার্জশিট দেয়। তার তিনদিনের মধ্যে আদালত ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন করে। পরের তিনদিনের মধ্যেই শুরু হল মূল মামলার বিচার প্রক্রিয়া। আদালত সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে এই মামলার শুনানি চলবে। সম্প্রতি বড়তলা থানার শোভাবাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে ফুটপাতবাসী শিশুটির বাবা‑মা থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, রাতে ওই ঘুমন্ত শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে কিছুটা দূরে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্ত। পুলিস তদন্তে নেমে গোপীবল্লভপুর থেকে অভিযুক্ত হোটেল বয়কে গ্রেপ্তার করে। শিশুকন্যার মা বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। নির্যাতিতা ও ধৃতের মেডিকো লিগ্যাল পরীক্ষা করা হয়। মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই চলছে বিচার। ইতিমধ্যেই জেলে টিআই প্যারেডে অভিযুক্ত শনাক্ত করা হয়েছে। ওই শিশুকন্যা যাতে সুরক্ষিত থাকে, সে বিষয়ে সরকারি তরফে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।



