Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈঠক নিস্ফলাই, প্রিন্সিপালের ইস্তফার দাবিতে অনড় পড়ুয়ারা

বৈঠক নিস্ফলাই, প্রিন্সিপালের ইস্তফার দাবিতে অনড় পড়ুয়ারা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দফায় দফায় বৈঠক। তবু জট কাটল না। কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিকের মধ্যস্থতায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার সঙ্গে ছাত্রদের কথা বলিয়ে দেওয়ার পরেও অচলাবস্থা অব্যাহত। সন্ধ্যায় প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল ও অভিজিৎ দে ভৌমিক কলেজ থেকে বেরিয়ে যেতেই মেডিক্যালের ছাত্ররা সাফ জানিয়ে দেন, তাঁদের আন্দোলন চলবে। প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে তাঁরা অনড়। ফলে এদিনের বৈঠক কার্যত নিষ্ফলাই থাকল। কোনও রফাসূত্র বের হল না। এদিকে, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকও এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যাঁরা পিছন থেকে ছাত্রদের মদত দিচ্ছেন তাদের চিহ্নিত করা হবে। 
Advertisement
প্রিন্সিপাল বলেন,এই অচলাবস্থা কাটানোর জন্য আমি আরকেএসের জনপ্রতিনিধির সঙ্গে আগেই কথা বলেছিলাম। এদিন তিনি এসেছিলেন। ছাত্রদের সঙ্গে কথা হয়েছে। ছাত্ররা অবস্থান তুলবে কি না সেটা তাঁদের বিষয়। আশা করছি, সমস্যার সমাধান হবে। দাবি নিয়ে কোনও স্মারকলিপি জমা পড়েনি। 
অন্দোলনকারীদের হয়ে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রতীম মিত্র বলেন, আমরা ৭০ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছি। কিন্তু কোনও ফয়সালা হয়নি। প্রিন্সিপাল নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। উনি না পারলে এখান থেকে সসম্মানে চলে যান। আমরা চাই উনি পদত্যাগ করুন। আমাদের দাবি যেহেতু মেটেনি, তাই আন্দোলন চালিয়ে যাব। হাউসস্টাফে আসন বাড়ানোর বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু প্রিন্সিপালের দায়িত্বের গাফিলতির কোনও উত্তর পাচ্ছি না। এই অবস্থান চলবে। 
এমজেএনের রোগীকল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎবাবু বলেন, ছাত্রদের কথা শুনেছি। একপ্রস্থ আলোচনাও করেছি। প্রিন্সিপাল ও আন্দোলনকারীদের নিয়ে ফের আলোচনায় বসা হবে। মেডিক্যাল কলেজের শিক্ষার পরিবেশ কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। গোটা বিষয়টি রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানেন। তাঁর নির্দেশমতো আমি দু’পক্ষের সঙ্গে কথা বলেছি। তিনি ছাত্রদের দাবি লিখিত আকারে পাঠাতে বলেছেন। যদি কেউ বাইরে থেকে ছাত্রদের উস্কানি দেন, ছড়ি ঘোরান তাদের শনাক্ত করা হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ