মুম্বই: স্বপ্নের পপ ব্যান্ড বিটিএসের সদস্যদের সঙ্গে দেখা করতে চায় ওরা। তবে দক্ষিণ কোরিয়া যাওয়া তো এত সহজ নয়। চাই প্রচুর টাকা। আর সেই টাকা জোগাড়ের জন্য বাড়ি ছেড়ে পুনেতে কাজ করতে চেয়েছিল তিন নাবালিকা। আর তার জন্য ফেঁদেছিল অপহরণের নাটক। তবে পুলিসের তৎপরতায় সেই ‘দুঃসাহসিক’ পরিকল্পনা ভেস্তে গেল। সোমবার পুলিস জানিয়েছে, তিন নাবালিকার একজনের বয়স ১১ এবং বাকি দু’জনের ১৩ বছর। তাদের বাড়ি মহারাষ্ট্রের ধরাশিব জেলায়।
Advertisement
এদিন পুলিস জানিয়েছে, ২৭ ডিসেম্বর ওই তিন নাবালিকা বাড়ি ছাড়ে। শুক্রবার পুলিসের হেল্পলাইন নাম্বারে ফোন করে এক ব্যক্তি জানান, তিন পড়ুয়াকে স্কুল ভ্যান থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নম্বর ট্র্যাক করে পুলিস জানতে পারে ওই ফোন একজন মহিলার। তিনি রাজ্য পরিবহণ নিগমের বাসে ওমেরগা থেকে পুনে যাচ্ছেন। এরপর স্থানীয় পুলিসের সহায়তায় বাসটিকে ধাওয়া করে তিন নাবালিকাকে উদ্ধার করে ওমেরগা পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করাতেই দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ড সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ফাঁস হয়ে যায়। তারা জানায়, পুনেতে কাজ করে প্রচুর টাকা জমাতে চেয়েছিল। তারাই ফোন করে অপহরণের কথা হেল্পলাইনে জানিয়েছিল। এরপর তিন নাবালিকাকে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।



