Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাটা মোড় থেকে রিভারসাইড প্রোজেক্ট, রাস্তার একাংশে বাতিস্তম্ভ বসাচ্ছে মহেশতলা পুরসভা

বাটা মোড় থেকে রিভারসাইড প্রোজেক্ট, রাস্তার একাংশে বাতিস্তম্ভ বসাচ্ছে মহেশতলা পুরসভা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভায় এখন সবচেয়ে অভিজাত এলাকা হল ২৭ নম্বর ওয়ার্ডের বজবজ ট্রাঙ্ক রোডের বাটা মোড় থেকে রিভারসাইড প্রোজেক্টের এলাকা। এখানে আকাশছোঁয়া আবাসন ছাড়াও অনেক বাড়ি রয়েছে। হাজার হাজার মানুষ থাকে সেখানে। এই রাস্তা দিয়ে বাটা কোম্পানিতেও যাওয়া যায়। কিন্তু শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ এক কিলোমিটারের বেশি এই রাস্তা এতদিন অন্ধকারে ছিল। রাস্তার দু’দিকে কোনও বাতিস্তম্ভ ছিল না। এমনিতে এই রাস্তাটিতে দিনের বেলায় লোকজন চলাচল করলেও সন্ধ্যার পর থেকে ফাঁকা হয়ে যায়। এর মধ্যে এক কিলোমিটারের বেশি অংশে আলো না থাকায় অসামাজিক আড্ডা বেড়ে গিয়েছিল। বাইরে থেকে প্রচুর অচেনা মুখ মোটরবাইক করে এই রাস্তায় এসে নানারকমের ‘ঠেক’ তৈরি করেছিল।  ফলে সাধারণ মানুষের পক্ষে রাস্তাটি দিয়ে যাতায়াত ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
Advertisement
বিষয়টি এলাকার মানুষ কাউন্সিলার কৃষ্ণা ঘোষকে জানান। কাউন্সিলারও তা চেয়ারম্যান দুলাল দাসের নজরে আনেন। এ নিয়ে পুর কাউন্সিলারদের মিটিংয়ে আলোচনা হয়। তার পরিপ্রেক্ষিতে ঠিক হয়, পুরসভাই ওই গোটা রাস্তা জুড়ে আলো বসানো র দায়িত্ব নেবে। সেইমতো সিইএসসি-র সঙ্গে আলাদাভাবে পুর চেয়ারম্যান, কাউন্সিলার এবং আলো বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল আতিবুর রহমান মোল্লার বৈঠক হয়। কাউন্সিলার কৃষ্ণা ঘোষ জানান, রিভারসাইড প্রোজেক্টই ওই রাস্তায় আলো বসানোর দায়িত্ব নিয়েছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে করতে পারেনি। এখন পুরসভাই তা করবে। পুর চেয়ারম্যান ও বিধায়ক দুলাল দাস বলেন, বাতিস্তম্ভ এবং এলিডি বাল্ব বসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে তিনশো থেকে চারশো বাতিস্তম্ভ বসানো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ