Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে বিপুল সংখ্যক ড্রামে মজুত তেল, রাসায়নিক উদ্ধার করল পুলিস

বাড়িতে বিপুল সংখ্যক ড্রামে মজুত তেল, রাসায়নিক উদ্ধার করল পুলিস
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা মাঝেরটারিতে আগুনে ভস্মীভূত বাড়ির ভিতরে মজুত করা পেট্রল, ডিজেলের ব্যাপারে তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিস। ভস্মীভূত বাড়ির মালিক শ্যামল অধিকারী, তার দাদা বিমল অধিকারী সহ আরও কয়েকটি পরিবারের লোকজন বর্তমানে পলাতক। বিপুর পরিমাণ জ্বালানি তেল সহ রাসায়নিক মজুত করার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিস। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বহিরাগত একটি চক্রের মদতে রাসায়নিক মিশিয়ে কেরোসিনকে পেট্রোল তৈরি করা হতো। সেই পেট্রোল বিক্রি করা হতো গ্রামীণ এলাকার ছোট ছোট দোকানে। অভিযোগ, শুধু বড় কাউয়ারডারার ওই বাড়িতেই নয় মহকুমার আরও বেশ কয়েকটি জায়গায় এই বেআইনি কারবার চলছে। যদিও পুলিস জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  
Advertisement
এদিন বড় কাউয়ারডারার শ্যামল বর্মনের বাড়িতে গিয়ে দেখা গেল চতুর্দিকে ছড়িয়েছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া টিন। বাড়িতে পরিবারের লোকজন নেই। আগুন নেভাতে যে জল দেওয়া হয়েছিল সেই জল জমে রয়েছে। জলের উপরেই ভাসছে রাসায়নিক। পুড়ে যাওয়া বাড়ি ও বিমল অধিকারীর বাড়ির পিছনের গোডাউন থেকে ইথানলের প্রচুর ড্রাম উদ্ধার করা হয়েছে। একশোরও বেশি ড্রাম উদ্ধার করেছে পুলিস। শ্যামল অধিকারীর যে বাড়িটি পুড়ে গিয়েছে, তার পাশেই ছিল একটি গোডাউন। বিমল অধিকারীর বাড়ির পিছনে ছিল আরএকটি গোডাউন। একইসঙ্গে পাশের আরও কয়েকটি বাড়ি থেকে প্রচুর ড্রাম উদ্ধার করেছে পুলিস। সেই ড্রামগুলিতে ইথানল সহ ছিল পেট্রল ও ডিজেল।  এত পেট্রল ও ডিজেল সহ ইথানল কোথায় পেল বিমল অধিকারী তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। পুলিসের একটি সূত্র জানিয়েছে, ভুটান সীমান্ত এলাকার একটি চক্র এর সঙ্গে জড়িত। চক্রের মাথাদের খোঁজও শুরু করেছে পুলিস। এ ব্যাপারে মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, পেট্রল ও ডিজেল সহ কিছু কেমিক্যাল পাওয়া গিয়েছে। আমরা নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছি। বাড়ির লোকজন পলাতক। পাশ্ববর্তী যেসব বাড়ি থেকে ড্রাম ভর্তি কেমিক্যাল উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ