নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বসতি এলাকার মধ্যে মদের দোকান তৈরির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ডানকুনিতে। শুক্রবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ দোকানে স্থানীয় মহিলারা তালা ঝুলিয়ে দেন। তাঁদের অভিযোগ, ওই দোকানঘরটি কেনার সময় মালিক জানিয়েছিলেন যে, কেকের দোকান করা হবে। কিন্তু এখন তিনি জানাচ্ছেন, বিদেশি মদের দোকান করা হবে। বসতি এলাকায় মদের দোকান তৈরি করতে দেওয়া হবে না। সেই কারণেই বিক্ষোভ দেখিয়েছি আমরা। এনিয়ে ডানকুনি পুরসভার কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ করা হলে তা খতিয়ে দেখা হবে। তবে সাধারণত, বসতি এলাকায় মদের দোকানের অনুমোদন দেওয়া হয় না।



