Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে সঙ্কটতারিণীর পুজোয় ভক্তের ঢল

বিষ্ণুপুরে সঙ্কটতারিণীর পুজোয় ভক্তের ঢল
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার বিষ্ণুপুর শহরে মল্লরাজাদের স্মৃতি বিজড়িত সঙ্কটতারিণীর পুজোয় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয়। বিষ্ণুপুরে এই একটিই সঙ্কটতারিণী পুজো হয়। এদিন শহরের হাজার হাজার মহিলা ভোর থেকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। রাত পর্যন্ত পুজো দেওয়া চলে। বিশৃঙ্খলা এড়াতে মন্দির প্রাঙ্গণ ও রাস্তায় প্রচুর পুলিস কর্মী মোতায়েন করা হয়। সংকটতারিণী পুজো কমিটির সদস্যরা বলেন, কথিত আছে, মহাভারতে পঞ্চপাণ্ডবের বনবাসের সময় তাঁরা যেখানেই বিশ্রাম নিতেন, সেখানেই সঙ্কট মোচনের জন্য বসুমাতা মাটির মূর্তি বসিয়ে পুজো করতেন। বিষ্ণুপুরে মল্লরাজারা ওই পুজো শুরু করেছিলেন। সেই থেকে হাজার বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। আগে চালাঘরে পুজো হতো। পরে পাকা মন্দির তৈরি হয়। একই পুজো গুজরাতে সঙ্কটমোচন এবং ওড়িশায় তারিণী মাতা নামে হয়ে থাকে। বিষ্ণুপুর শহরের সঙ্কটতলায় সঙ্কটতারিণীর মন্দির রয়েছে। মন্দিরের নামেই এলাকার নামকরণ হয়েছে। প্রতি বছর একটি বিশেষ দিনে ওই পুজো হয়। অন্যান্য বছরের মতো এদিনও হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয়। এই পুজোর বিশেষত্ব হল, মন্দিরে কোনও বিগ্রহ নেই। ঘট স্থাপন করে পুজো হয়। পুজোর প্রসাদ এদিন খাওয়া চলে না। পরের দিন বাসি প্রসাদ খাওয়ার চল রয়েছে। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, বিষ্ণুপুর তথা আশেপাশের এলাকা থেকে সঙ্কটতারিণীর মন্দিরে পুজো দিতে আসেন। পরিবারের সঙ্কটমোচন এবং সুখশান্তি বজায় রাখার জন্য ভক্তরা মন্দিরে এসে প্রার্থনা করেন।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ