Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে নেতাজি পার্কের শিলান্যাস

বিষ্ণুপুরে নেতাজি পার্কের শিলান্যাস
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার বিষ্ণুপুরের কাটানধারে নেতাজি পার্কের শিলান্যাস অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী,বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা প্রমুখ। কাটানধারে বিষ্ণুপুর গেট সংলগ্ন জায়গায় পার্ক তৈরির জন্য গত বছর এই দিনেই নেতাজি পার্ক ও নেতাজির মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। সেই মতো তিনি তাঁর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১৫লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই সঙ্গে পার্কের পাঁচিল নির্মানের জন্য জেলাশাসক আরও ১০লক্ষ টাকা মঞ্জুর করেছেন। এদিন তার আনুষ্ঠানিক শিলান্যাস হয়। এছাড়াও এদিন সকালে নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সেখানে দৌড় প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 
Advertisement
মহকুমাশাসক বলেন, বিষ্ণুপুর শহরে নেতাজির কোনও বড় মূর্তি নেই। সেজন্য গতবছর প্রস্তাবিত নেতাজি পার্কে ১৬ ফুট উচ্চতার একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে অর্থ মঞ্জুর হওয়ার পর বিষ্ণুপুরের শিল্পী অশোক সূত্রধর তা তৈরি করছেন।  পার্কে বাকি কাজের জন্য টেন্ডার শেষে ওয়ার্কঅর্ডারও দেওয়া হয়ে গিয়েছে। দু’দিনের মধ্যেই কাজ আরম্ভ হয়ে যাবে। 
বিধায়ক বলেন, বিষ্ণুপুরের প্রবেশদ্বারে গেটের সম্মুখে বেশ কিছুটা সরকারি জমি রয়েছে। ক্রমশ তা জবরদখল হয়ে যাচ্ছিল। গতবছর এইদিনে নেতাজি স্মরণে একটি পার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিধানসভায় সেই প্রস্তাব আমি মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছিলাম। তিনি তা সায় দিয়েছেন। প্রশংসাও করেছেন। সেইমতো বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এদিন তার শিলান্যাস করতে পেরে বিষ্ণুপুরবাসী হিসাবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কলকাতার দিক থেকে আসার সময় পর্যটকরা বিষ্ণুপুর শহরে ঢোকার মুখেই দেশনায়ক নেতাজির মূর্তি দর্শন করতে পারবেন। 
চেয়ারম্যান বলেন, মন্দিরনগরী বিষ্ণুপুরের প্রবেশপথে পর্যটনের জন্য আরও একটি নতুন পালক তৈরি হচ্ছে। পার্কে ফুলের বাগান সহ শিশুদের উপযোগী খেলার নানা সামগ্রী বসানো হবে।          
Advertisement
সম্পর্কিত সংবাদ