Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণু মালের পরিবারকে নিরাপত্তা

বিষ্ণু মালের পরিবারকে নিরাপত্তা
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃহস্পতিবার বিষ্ণু মাল খুনে দৃষ্টান্তমূলক রায় দিয়েছে চুঁচুড়া আদালত। একসঙ্গে সাত অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ওই রায়ের ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার মৃত বিষ্ণু মালের বাড়ির সামনে পুলিস পিকেট বসানো হল। মূলত, নিরাপত্তার কারণেই ওই পদক্ষেপ করা হয়েছে। চুঁচুড়ার কামারপাড়ার বাসিন্দা বিষ্ণু মাল হত্যায় সাজা হয়েছে গ্যাংস্টার বিশাল দাসের। কুখ্যাত এই সমাজবিরোধী একদা এলাকার ত্রাস ছিল। সেই কারণে আরও বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চন্দননগর কমিশনারেটের পুলিস জানিয়েছে, ওই মামলায় সাক্ষীদের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। এদিকে, ওই ঐতিহাসিক রায়ের পর এদিন বহু মানুষ বিষ্ণু মালের বাবা ও মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিষ্ণুর বাবা গোপাল মাল রাজমিস্ত্রির কাজ করেন। তিনি বলেন, ন্যায়বিচারের জন্য যাঁরা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আমরা গরিব, তাই বিচার পাব কি না, নিশ্চিত ছিলাম না। পুলিস ও আইনজীবীরাও প্রচুর সাহায্য করেছেন। যে রায় বিচারক দিয়েছেন, তাতে দুষ্কৃতীদের কাছে একটি বার্তা যাবে। আমরা সেটাই চেয়েছিলাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ