Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ দিয়ে বটগাছ মারার অভিযোগ পাঁচলায়

বিষ দিয়ে বটগাছ মারার অভিযোগ পাঁচলায়
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: গাছের গোড়ায় ড্রিল মেশিন দিয়ে একাধিক গর্ত করে তার মধ্যে বিষ ঢেলে তিল তিল করে একটি বটগাছকে মারার অভিযোগ উঠল পাঁচলা থানা এলাকার নস্করপুর গ্রাম পঞ্চায়েতের একব্বরপুরে। বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই তাঁরা প্রতিবাদ করে বিক্ষোভ দেখান। প্রতিবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি থেকে পরিবেশ কর্মীরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। জানা গিয়েছে, একব্বরপুর বাসস্ট্যান্ড লাগোয়া গোবিন্দ পাঁজা উচ্চ বিদ্যালয়ের পাশে ধুলাগড় ফটিকগাছি যাওয়ার রাস্তার পাশে একটি বিরাট বটগাছ আছে। এই গাছকে ঘিরে কিছু দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, গাছটির বয়স প্রায় ৭০ বছর। স্থানীয় বাসিন্দাদের আভিযোগ, এক ব্যক্তি এই জায়গা দখল নেওয়ার পর থেকেই দোকান ডেকরেশনের কাজ শুরু করে। এরপরেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, বটগাছটি ক্রমশ শুকিয়ে যাচ্ছে। গাছটির মৃত্যু রহস্য জানতে এলাকার কয়েকজন এই দোকানে প্রবেশ করলে লক্ষ্য করেন গাছের গোড়ায় ড্রিল করে বড় বড় গর্ত করা হয়েছে। তাতে বিষ ঢালা হয়েছে। গাছের গায়ে বিষের দাগ স্পষ্ট। দোকান ঘর থেকে তাঁরা একটি আগাছানাশক রাসায়ানিকের বোতলও উদ্ধার করেছেন। গ্রামবাসীরা জানান বিষয়টি পুলিস ও বনদপ্তরকে জানানো হয়েছে। এই বিষয়ে বনদপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ