Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিসর্জনে শব্দবাজির প্রতিবাদ, আড়িয়াদহে আক্রান্ত বৃদ্ধ, ধৃত ৬

বিসর্জনে শব্দবাজির প্রতিবাদ, আড়িয়াদহে আক্রান্ত বৃদ্ধ, ধৃত ৬
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মধ্যরাতে প্রতিমা নিরঞ্জনে এসে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। উদ্দাম নাচের পাশাপাশি মুহুর্মুহু ফাটাছিল শব্দবাজি। অতিষ্ঠ হয়ে পুলিসকে জানানোর পর ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। সেকারণে, শোভাযাত্রায় আসা ‘অপ্রকৃতস্থ’ তরুণ-তরুণীদের হাতে আক্রান্ত হলেন একটি পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে আসা দুই পুলিসকর্মীও আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে আড়িয়াদহের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণেশ্বর থানার পুলিস দুই মহিলা সহ ছ’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম প্রসেনজিৎ মিত্র, রাজু বড়ুয়া, অর্ঘ্য আচার্য, বাপ্পা রায়, তরুণিমা চক্রবর্তী এবং নম্রতা মজুমদার। ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন দিয়েছেন।
Advertisement
আড়িয়াদহের মৌসুমি মোড় লাগোয়া শান্তিকুঞ্জ আবাসনের বাসিন্দা গৌতম মুখোপাধ্যায়। বর্ষীয়ান গৌতমবাবু অসুস্থ। স্ত্রী পূর্ণা মুখোপাধ্যায়ও অসুস্থ। গত কয়েক দিন ধরেই আবাসনের সামনে দিয়ে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছে। সোমবার রাত একটা নাগাদ এক পারিবারিক পুজোর প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁরা ওই আবাসনের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারস্বরে বাজনা বাজাচ্ছিল বলে অভিযোগ। গৌতমবাবুর ছেলে প্রীতম দক্ষিণেশ্বর থানায় ফোন করার পাশাপাশি রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেন। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন তরুণ-তরুণীরা। প্রীতমকে ঘিরে ধরে মারধর শুরু হয়। ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হন গৌতমবাবু ও  পূর্ণাদেবী। দক্ষিণেশ্বর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে এক মহিলা কনস্টেবল ও একজন এএসআই আক্রান্ত হন। এএসআইয়ের হাতে কামড় বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত বৃদ্ধ বলেন, আমরা অতিষ্ঠ। প্রতিবাদ করে এভাবে আক্রান্ত হব ভাবিনি।
সম্পর্কিত সংবাদ