নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক সার্কাস চার নম্বর উড়ালপুলে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম নাজমি খাতুন (৫৫)। তিনি মোমিনপুরের হোসেন শাহ রোডের বাসিন্দা। রবিবার ঘটনাটি ঘটে।
Advertisement
পুলিস সূত্রে খবর, শ্যামবাজার থেকে মালঞ্চগামী মিনিবাস বাইপাসের দিকে যাচ্ছিল। সেটি চার নম্বর উড়ালপুল থেকে নামার সময় দৌড়ে রাস্তা পার হতে যান ওই প্রৌঢ়া। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মহিলাকে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই গুরুতর জখম হন মহিলা। স্থানীয়রা ছুটে আসেন সেখানে। আহতকে উদ্ধার করে দ্রুত ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকেই চালক সহ আটক করা হয় মিনি বাসটিকে। ঘটনার তদন্তে নেমেছে কড়েয়া থানার পুলিস। বাস চালকের কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেজন্য ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা মিনিবাসের চালককে ঘিরে ধরেন। যদিও পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস সূত্রে খবর, মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। সোমবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। জানা গিয়েছে। প্রৌঢ়া তপসিয়ায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকেই মোমিনপুরে ফেরার জন্য পার্ক সার্কাস স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে, পর্ণশ্রী থানা এলাকার উপেন ব্যানার্জী রোডে স্কুটার দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। আহতের নাম গৌরাঙ্গ হাজরা (২৩)। তিনি পাঠকপাড়ার বাসিন্দা। তাঁর মাথায় হেলমেট ছিল না। সোমবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি গাছে ধাক্কা মারে স্কুটারটি। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে যুবককে।