অমরাবতী: অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় বাস ও অটোর সংঘর্ষে মৃত্যু হল সাতজনের। আহত আরও চারজন। শনিবার নেল্লুটলা গ্রাম থেকে অটোয় চেপে অন্য একটি গ্রামে কাজ করতে যাচ্ছিলেন ১২ জন কৃষক। অনন্তপুরের থালাগাসপল্লের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে অটোটির। ঘটনাস্থলেই দু›জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিসের তৎপরতায় অটোর অন্যান্য যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই আরও দু›জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসা চলাকালে তিনজনের মৃত্যু হয়। বাকি জখম চারজন বর্তমানে অনন্তপুর হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই বাসের চালককে হেফাজতে নিয়েছে পুলিস। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি।।



