Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক, সংগ্রাহক সুধীর সরকার প্রয়াত

বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক, সংগ্রাহক সুধীর সরকার প্রয়াত
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা তারকেশ্বর: বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক, সংগ্রাহক সুধীর সরকার শনিবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন তারকেশ্বরের বাজিতপুরের বাসিন্দা। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। এই বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুণ্ডু প্রমুখ। বিশিষ্ট এই প্রত্নতাত্ত্বিক, সংগ্রাহক ও সমাজসেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
Advertisement
১৯৪২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। পরে চলে আসেন তারকেশ্বরে। মাধ্যমিক পাশ করার পর ১৮ বছর বয়সে ডাক বিভাগে চাকরি পান। কাজের ফাঁকেই চলত শখের জিনিস সংগ্রহ। চাকরি জীবনে প্রথমে ডাকটিকিট জমানো দিয়ে শুরু হয় ‘মিউজিয়াম’-এর পথচলা। তাঁর ছোট টালির ঘরে বস্তাবন্দি হয়ে পড়ে নষ্ট হচ্ছে ভারতের অনেক অজানা ইতিহাস। বাঘের নখ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সামগ্রীর মতো কয়েক লক্ষ বহু দুষ্প্রাপ্য সামগ্রী ছিল তাঁর সংগ্রহে। কয়েক দশক ধরে তিনি মিউজিয়াম তৈরির আবেদন নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন। পাঁচ বছর বয়স থেকেই খেলার ছলে বিভিন্ন দেশলাইয়ের বাক্স সংগ্রহের কাজ শুরু করেছিলেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে ১৯০৪ সালে লন্ডনে তৈরি দূরবীন, ১৭৫ বছরের পুরনো ক্যামেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানচালক ও সেনাবাহিনীর পোশাক, ১২ লক্ষ ডাকটিকিট, বিভিন্ন দেশের মুদ্রা, টেলিগ্রাফ মেশিন হরেক মডেলের টেলিফোন ইত্যাদি। ১৯৭৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন সুধীরবাবুর মিউজিয়াম পরিদর্শন করতে বাড়িতে এসেছিলেন। তখনই আশ্বাস দিয়েছিলেন তারকেশ্বরে এই সংগ্রহগুলি নিয়ে একটি মিউজিয়াম তৈরি হবে। সেই প্রত্যাশা তাঁর পূরণ হল না। 
সম্পর্কিত সংবাদ