সংবাদদাতা, লালবাগ: ন্যাশনাল সার্ভিস স্কিমে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিশেষ অতিথি হিসেবে দেশের সাধারণতন্ত্র দিবস উদযাপনে লালকেল্লায় ডাক পেলেন নবাবের জেলার দুই কলেজ পড়ুয়া। এই স্বীকৃতিতে কলেজের পাশাপাশি গর্বিত জেলাবাসীও। লালবাগ সুভাষচন্দ্র বসু সেন্টিনারি কলেজের অধ্যক্ষ সুপম মুখোপাধ্যায় বলেন, এই সম্মান অর্জন অবশ্যই গর্বের। আমাদের লক্ষ্য পঠনপাঠনের পাশাপাশি পড়ুয়াদের সামাজিকভাবে দায়িত্বশীল করে তোলা। তার ফলস্বরূপ এই স্বীকৃতি লাভ।
Advertisement
রাজ্যের মোট আটটি কলেজ থেকে জাতীয় সেবা প্রকল্পের আটজন সদস্যকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকারের যুবদপ্তর। দেশের সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় তাঁরা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছে জেলার লালবাগ সুভাসচন্দ্র বসু সেন্টিনারি কলেজ ও বহরমপুর কলেজ। লালবাগ কলেজের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্রী ফারহানা খাতুন এবং বহরমপুর কলেজের ইংরেজি বিষয়ের(সাম্মানিক) তৃতীয় বর্ষের ছাত্র আলি আকবর ডাক পেয়েছেন। মুর্শিদাবাদ থানার নতুনগ্রাম এলাকার বাসিন্দা ফারহানা এবং সাগরদিঘি থানার দিয়াড় বালাগাছি গ্রামের বাসিন্দা আকবর। অত্যন্ত সাধারণ পরিবারের এই দুই সন্তান কেন্দ্রীয় মন্ত্রকের কাছ থেকে এত বড় সম্মান লাভ করায় যেমন কলেজ কর্তৃপক্ষ গর্বিত, তেমনই খুশিতে ভাসছে জেলার মানুষও। ইতিমধ্যে সম্পূর্ণ সরকারি খরচে দিল্লি পৌঁছে গিয়েছেন ফারহানা ও আকবর। রাজধানীর অভিজাত হোটেলে তাঁদের রাখা হয়েছে। সাধারণতন্ত্র দিবস উদ্যাপনের ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে তাঁদের জন্য বরাদ্দ আছে বিশেষ আসন। সেই আসন গ্রহণের অপেক্ষায় টগবগ করে ফুটছেন দুই পড়ুয়া।



