Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিশ্বশান্তির লক্ষ্যে একসঙ্গে চলারই বার্তা নরেন্দ্র মোদির

বিশ্বশান্তির লক্ষ্যে একসঙ্গে চলারই বার্তা নরেন্দ্র মোদির
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ‘আপনাকে  আন্তরিক অভিনন্দন, আমার বন্ধু।’ তখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশিত হয়নি। তবে নির্বাচনী ট্রেন্ড জানাচ্ছে, কমলা হ্যারিস নন, হোয়াইট হাউসের তখতে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তখনই ট্রাম্পকে ‘আমার বন্ধু’ সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তা সামনে এল। রাজনৈতিক মহলের মতে, ওভাল অফিসে ট্রাম্পের প্রত্যাবর্তনে সাউথ ব্লকের স্বস্তি ধরা পড়েছে মোদির এক্স বার্তায়। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আপনার আগের মেয়াদের সময় দু’দেশের সম্পর্ক আলাদা মাত্রা পেয়েছিল। আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আসুন একসঙ্গে কাজ করি।’
Advertisement
বস্তুত গত চার বছরে জো বাইডেনের আমলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল অম্লমধুর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লির নিয়মিত সমালোচনা করেছে ওয়াশিংটন। এছাড়া কানাডার পাশে দাঁড়িয়ে আততায়ীর হাতে খুন হওয়া বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর ইস্যুতে ভারতের উপর চাপ বাড়িয়েছে বাইডেন প্রশাসন। এমনকী আর আর এক খালিস্তানি নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুনকে দিল্লি খুনের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছে আমেরিকা। আর ওয়াশিংটনের এই সব মন্তব্য ও অবস্থানে দিল্লির উপর চাপ বেড়েছে। এই অবস্থায় হোয়াইট হাইসে ট্রাম্পের প্রত্যাবর্তন ভারতকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। প্রথম দফায় ট্রাম্পের সঙ্গে মোদির ব্যক্তিগত সখ্য চর্চার বিষয় হয়েছিল। আমেরিকায় ‘হাইডি মোদি’ এবং ভারতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান নিয়ে বৈতর্ক দেখা দেয়। ট্রাম্পও চিরাচরিত রুশ বিরোধিতা থেকে নজর সরিয়ে চীনে নিবদ্ধ করেছিলেন। প্রতিদ্বন্দ্বী চীনকে চাপে রাখার মার্কিন কৌশল ভারতের পক্ষে গিয়েছিল। এবার কী হবে? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য খুব বেশি আশাবাদী নন। ফল ঘোষণার আগে অষ্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কমলা বা ট্রাম্প যিনিই ক্ষমতায় আসুন, আমেরিকা আরও রক্ষণশীল অবস্থান নেবে।’ এদিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে এক্স হ্যান্ডলে রাহুল লেখেন, ‘অভিনন্দন ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে আপনার সাফল্য কামনা করি।’ অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক্স হ্যান্ডলে লেখেন, ‘জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য দুই দেশকে কাজ করতে হবে।’ -ফাইল চিত্র
সম্পর্কিত সংবাদ