Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বের সর্ববৃহৎ নোট দেখল কলকাতা,  মুদ্রা উৎসবে উৎসাহীদের ব্যাপক ভিড়

বিশ্বের সর্ববৃহৎ নোট দেখল কলকাতা,  মুদ্রা উৎসবে উৎসাহীদের ব্যাপক ভিড়
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণত পাঁচ ইঞ্চি-সাড়ে পাঁচ ইঞ্চির নতুন একশো টাকার নোট দেখতে অভ্যস্ত সবাই। এবার কলকাতা দেখল সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা নোট। অর্থাৎ পড়াশোনায় ব্যবহৃত মাপার স্কেল বা কম্পিউটারের কি বোর্ডের কাছাকাছি বড়। এটিই বিশ্বের সবথেকে বড় কারেন্সি নোট বা টাকা বলে দাবি। দেখে মনে হবে, একটি ছবি হয়ত হাতে ধরে রয়েছেন কেউ। আদপে তা নয়। এটি একটি ব্যাঙ্ক নোট। পকেটে বা মানি ব্যাগে রাখা সম্ভবই নয়। ১৪.৫ ইঞ্চি লম্বা আর ৮.৬ ইঞ্চি চওড়া। নোটটি মালয়েশিয়া সরকার প্রচলন করেছিল। কলকাতার ২৬তম মুদ্রা উত্সবে তা প্রদর্শিত হল। দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল একপ্রকার। 
Advertisement
নোবেল জয়ীদের ছবি দেওয়া বিদেশি ব্যাঙ্ক নোটও ছিল প্রদর্শনীতে। তা ছাড়া নানা রকমের দুর্লভ মুদ্রা ও কারেন্সি নোট নিয়ে হয়ে গেল তিনদিনের উত্সব। কলিকাতা মুদ্রা পরিষদ প্রতি বছর এই উত্সব করে। বালিগঞ্জের একটি ব্যাঙ্কোয়েট হলে প্রদর্শনী হয়। তা তিনদিন চলে শেষ হল রবিবার। বিরল মুদ্রা কেনা-বেচাও হয়েছে সেখানে। দুষ্প্রাপ্য কিছু মুদ্রার নিলামও হয়। হাজার হাজার টাকায় সে সব কেনা-বেচা হয়েছে বলে খবর। তবে সব কিছু ছাড়িয়ে চোখ ধাঁধিয়েছে বিশ্বের সবথেকে বড় টাকা। সংগ্রহকারী দেবকুমার পাল পেশায় স্কুলশিক্ষক। জানালেন, মালয়েশিয়া সরকার এই নোট মাত্র ছ’হাজার প্রকাশ করেছিল। অনেক কষ্টে একটি মাত্র সংগ্রহ করতে পেরেছেন তিনি। সে দেশের মুদ্রার নাম রিঙ্গিত। এই নোটটি ৬০০ রিঙ্গিতের। এই টাকা মালয়েশিয়া তাদের ৬০তম স্বাধীনতা দিবসে ২০১৮ সালে প্রচলন করেছিল। সংগ্রহকারীদের কাছে এর দাম ভারতীয় মুদ্রায় মোটামুটি তিন লক্ষ টাকার মতো। তবে এটি মোটেও বিক্রি করতে চান না দেবকুমারবাবু। এছাড়া একাধিক দেশের বিজোড় সংখ্যার ব্যাঙ্ক নোটও আছে তাঁর সংগ্রহে। রয়েছে মায়ানমার সরকারের নোট ১৫, ৩৫, ৯৯ মূল্যের কিয়াত। তাতে মায়ানমারের শাসক নে উইনের ছবি। 
রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক অঞ্জন কর এনেছিলেন নোবেল জয়ী ব্যক্তিত্বদের ছবি দেওয়া ব্যাঙ্ক নোট। তাঁর সংগ্রহে নেলসন ম্যান্ডেলা, আইনস্টাইন, মেরি ক্যুরির ছবি দেওয়া টাকা। এছাড়াও নোবেল পাননি কিন্তু পৃথিবী বিখ্যাত, যেমন চে গেভারা, কার্ল মার্ক্স, চার্লস ডারউইন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি দেওয়া নোট রয়েছে। বালিগঞ্জের ফুটপাতেও অনেকে পুরনো জিনিসপত্র, মুদ্রা নিয়ে বসেছিলেন অনেকে। সেখানেও মানুষের ভিড়। কলিকাতা মুদ্রা পরিষদের সম্পাদক রবিশঙ্কর শর্মা বলেন, ‘এখানে ১৮৩৫ থেকে ২০২৪ সালের মুদ্রা, ব্যাঙ্ক নোট প্রদর্শিত হয়েছে। নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোই আমাদের এ বছরের থিম ছিল।’  নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ